Don't Miss
Home / আজকের সংবাদ / ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

এমএনএ প্রতিবেদক

আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি দক্ষতাকে গুরুত্ব দিয়ে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে চারটি নতুন বাধ্যতামূলক বিষয় যুক্ত করতে যাচ্ছে সরকার। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে দুটি এবং ষষ্ঠ শ্রেণি থেকে দুটি বিষয় চালু করা হবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা বিষয়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

নতুন পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ এবং ‘সংস্কৃতি’ বিষয় দুটি অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে চালু হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামের দুটি বিষয়। এগুলো বাধ্যতামূলক হিসেবে পড়ানো হবে।

সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও মূল্যবোধ গঠনের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রমে প্রয়োজনীয় সংযোজন ও পরিমার্জন করা হচ্ছে।

তিনি বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শুধু একটি বিষয় হিসেবেই থাকবে না, এর মাধ্যমে শিক্ষার্থীদের ইতিবাচক মূল্যবোধ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য থাকবে। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষাদান পদ্ধতির উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।

এছাড়া শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর লক্ষ্যেও বিদ্যমান কাঠামোর মধ্যে একটি বড় অধ্যায় যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, পুরো শিক্ষাক্রম পরিবর্তন একটি সময়সাপেক্ষ বিষয়। তাই ২০২৭ সাল থেকে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন করা হবে। আর পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম ২০২৮ সাল থেকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের শিখন ফল অর্জন, বাস্তব দক্ষতা ও ব্যবহারিক জ্ঞানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে ২০২৮ সাল থেকে একসঙ্গে সব শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে, নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে—সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন, চলবে ১৩ জুলাই পর্যন্ত।

শিক্ষামন্ত্রী জানান, আগামী বছরের পবিত্র রমজানের আগেই এসএসসি পরীক্ষা শেষ করার লক্ষ্যে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এদিকে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। চলতি বছরের এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৪ জুন পর্যন্ত।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ, জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প, উদ্ভাবনী কার্যক্রম এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরা হয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...