ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Posted by: News Desk
December 12, 2017
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক ও পাস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশের সময় সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীরা www.7college.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
আজ মঙ্গলবার ১১টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল কক্ষে এ ফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
ফল প্রকাশ করে উপাচার্য আখতারুজ্জামান জানান, আগামী ১৪ জানুয়ারি থেকে যেহেতু ক্লাস শুরু হবে, তাই এর আগেই উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সব কাজ শেষ করতে হবে।
জানা গেছে, কলা ও সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং বিজ্ঞান অনুষদসহ তিন ইউনিটে ৩২ হাজার আসনের বিপরীতে ৭০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার শিক্ষার্থী। তাদের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি পরবর্তী কার্যক্রম ও ১৪ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম স্ব স্ব কলেজের নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হবে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৩ হাজার ৭০৫ জন ভর্তিযোগ্য বলে বিবেচিত হয়েছেন। এই ইউনিটের ১৬ হাজার ৯০০টি আসনের বিপরীতে ভর্তির জন্য ২৩ হাজার ৭০৪ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ৬০৩ জন।
বিজ্ঞান ইউনিটের ভর্তিযোগ্য বিবেচিত হয়েছেন ১৪ হাজার ৭৫২ জন, এর মধ্যে আট হাজার ৬০০ জন ভর্তি হতে পারবেন। এই ইউনিটে ২৭ হাজার ১২৬ জন শিক্ষার্থী আবেদন করলেও ২০ হাজার ৩৩১ জন পরীক্ষায় অংশ নেন।
বাণিজ্য ইউনিটের ১৪ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হলেও ভর্তি হতে পারবেন আট হাজার ৭৮৫ জন। এই ইউনিটে ২২ হাজার ১০৩ জন আবেদন করলেও ১৮ হাজার ৩১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
গত ১ ডিসেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ৯ ডিসেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশ ঢাবি অধিভুক্ত ৭ কলেজে পরীক্ষার ভর্তি ফল 2017-12-12