Don't Miss
Home / আজকের সংবাদ / ঢাবি থেকেও এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাবি থেকেও এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার ওপর থেকে এবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়ে তার ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রব্বানী।
তিনি জানান, সুফিয়া কামাল হলের ঘটনা তদন্তে গঠিত কমিটি যে প্রতিবেদন দিয়েছে তাতে সে নির্দোষ প্রমাণিত হয়েছে। এ কারণে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় গত ১০ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্রী মোর্শেদা আক্তারকে নির্যাতনের অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বিরুদ্ধে। ওইদিন গভীর রাতের এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। রাতভর চলে উত্তেজনা। ছাত্রী নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা কবি সুফিয়া কামাল হলের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন। এ ছাড়া ছাত্রী হল থেকে সাধারণ ছাত্রীরা বের হয়ে এসে বিক্ষোভ করেন। তারা এশাকে বহিষ্কারের দাবিতে শ্লোগান দেন।
কয়েকশ ছাত্রী হল ছাত্রলীগের সভাপতি এশাকে তার কক্ষে অবরুদ্ধ করে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে অন্যান্য হল থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে সুফিয়া কামাল হলের সামনে জড়ো হন। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। মোর্শেদার ব্যান্ডেজ বাঁধা রক্তাক্ত পায়ের ছবিও ফেসবুকে তুলে দেন ওই হলের কয়েকজন ছাত্রী।
এই পরিস্থিতিতে ছাত্রী নির্যাতনের খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী হলে ঢোকেন। রাত আড়াইটার দিকে প্রক্টর বেরিয়ে এসে নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী এশাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। নির্যাতিত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থাও তিনি করেন।
এমন উত্তেজক পরিস্থিতিতে হল শাখা ছাত্রলীগ সভাপতি এশাকে বিশ্ববিদ্যালয় ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে গঠন করা হয় কমিটি।
এরপর গত তদন্তে নির্দোষ প্রমাণ হওয়ায় গত ১৩ এপ্রিল এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রলীগ। আজ বুধবার বিশ্ববিদ্যালয় থেকেও তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য, ইফাত জাহান এশাকে এর আগেও বহিষ্কার করা হয়েছিল এবং সেসময় পুনরায় বহিষ্কারাদেশ প্রতাহ্যার করা হয়।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...