তারেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : আইনমন্ত্রী
Posted by: News Desk
January 13, 2019
এমএনএ রিপোর্ট : যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
এসময় তিনি আরও বলেন, শুধু তারেক রহমানই নন, বিদেশে অবস্থানরত সব অপরাধীকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান।
আজ রবিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে সহকারি বিচারকদের সহকারী জজ/সমমনা কর্মকর্তাদের চার মাসব্যাপী ৩৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ড. কামাল সকালে বলেন এক কথা আর বিকেলে বলেন আরেক কথা।
যুদ্ধাপরাধীর বিচারে আপিল বিভাগে অনেক দিন শুনানি হচ্ছে না- সাংবাদিকরা এ বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরলে তিনি বলেন, আমরা আশা করবো যেগুলো পেন্ডিং আছে আপিল বিভাগ দ্রুত সেগুলো শুনানির উদ্যোগ নেবে।
জামায়াতকে ঐক্যফ্রন্টে নেওয়া ভুল ছিলো ড. কামাল হোসেনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ড. কামাল হোসেন সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। তার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।
এর আগে নবীন বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, উন্নত দেশে ৯০ ভাগ মামলাই আদালতের বাইরে নিষ্পত্তি হয়। মামলা জট কমাতে নতুন বিচারকরা আদালতের বাইরে নিষ্পত্তির ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করবেন। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, কোয়ালিটি জুডিশিয়ারি গড়ে তুলতে সরকার সহযোগিতা করে যাচ্ছে। কোয়ালিটি বিচার অনেক চ্যালেঞ্জের।
বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথির বক্তব্যে আইন সচিব আবু সালেহ মো. শেখ জহিরুল হক বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান দেশ ও জাতির কাজে লাগাবেন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ অস্তিত্বের বিষয়।
আইনমন্ত্রী চলছে আনার ফিরিয়ে তারেককে প্রক্রিয়া 2019-01-13