Don't Miss
Home / আজকের সংবাদ / তৃতীয় স্প্যানে দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৪৫০ মিটার

তৃতীয় স্প্যানে দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৪৫০ মিটার

এমএনএ রিপোর্ট : বসানো হলো পদ্মা সেতুর তৃতীয় স্প্যান। একই সাথে এই স্প্যানে দৃশ্যমান হলো সেতুটির ৪৫০ মিটার। দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মাসেতুর কাজ। সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) ৭-সি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো ৪৫০ মিটার কাঠামো।
গত বছরের ৩০ সেপ্টেম্বর বসানো হয় প্রথম স্প্যানটি। এর প্রায় ৪ মাস পর চলতি বছরের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর মাত্র দেড় মাস পর আজ রবিবার শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ধূসর রঙের তৃতীয় স্প্যানটি বসানো হলো। চতুর্থ স্প্যানটিও বসানোর কাজও অনেকটাই সম্পন্ন।
আজ রবিবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক কাজ। সকাল ৯টার দিকে পিলারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটারের সেতু। এর আগে গতকাল শনিবার বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাছে পৌঁছায়। এই ক্রেনের ধারণ ক্ষমতা তিন হাজার ৬০০ টন। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।
পদ্মাসেতু প্রকল্প সূত্রে জানা যায়, সকালে স্প্যান বহনকারী ক্রেনটিকে ৩৯ ও ৪০ নম্বর পিলারের সামনে পজিশন অনুযায়ী আনা হয়। এরপর লিফটিং ক্রেনের সাহায্যে অস্থায়ী বেয়ারিংয়ের ওপর রাখা হয় স্প্যানটিকে। তবে স্থায়ীভাবে বসতে কয়েকদিন সময় লাগবে। এছাড়া স্প্যান ওঠানোর আগে ওয়েট টেস্ট, ট্রায়াল লোড টেস্ট, বেজ প্লেট, পাইল পজিশন, মেজারমেন্টসহ আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়।
পদ্মাসেতুর প্রকৌশলীরা জানায়, স্প্যানটি ৩৮ নম্বর পিলারের উপর রাখার পর বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা চালানো হয়েছে। ৩৮ নম্বর পিলারের সঙ্গে ৭বি স্প্যানটিকে স্থায়ী ওয়েল্ডিং করে দেওয়া হবে এবং এরই মধ্যে লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে।
এ ব্যাপারে প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘স্প্যান বসানোর বিষয়টি নির্ভর করে পিয়ারের কাজ শেষ হওয়ার ওপর। এখানে ( কন্সট্রাকশন ইয়ার্ড) যথেষ্ট স্প্যান রয়েছে। তাই পিলারের কাজ শেষ হওয়া সাপেক্ষে আমরা স্প্যান বসাতে পারবো। চতুর্থ স্প্যানটি আগামী এক মাসের মধ্যে বসানো যাবে বলে আমরা আশাবাদী। চতুর্থ স্প্যানটিও বসবে জাজিরা প্রান্তে। তাই ৪১ নম্বর পিলারের কাজও চলছে। শিগগিরই এর পিলারের কাজ শেষ হবে।’
এদিকে, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...