Don't Miss
Home / হোম স্লাইডার / দুর্নীতি মামলায় নওয়াজ শরিফের ৭ বছরের কারাদণ্ড

দুর্নীতি মামলায় নওয়াজ শরিফের ৭ বছরের কারাদণ্ড

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। আজ সোমবার ইসলামাবাদে দেশটির অ্যাকাউন্টিবিলিটি আদালত নওয়াজের বিরুদ্ধে এ রায় দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাদে নওয়াজের বিরুদ্ধে বহুল আলোচিত ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট ও আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত নওয়াজ শরিফকে আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড এবং ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট দুর্নীতি মামলায় খালাস করে দেন। এছাড়া দুই মামলায় তাকে ২৫ মিলিয়ন ডলার এবং দেড় মিলিয়ন পাউন্ড জরিমানা করেন আদালত।

লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে (অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলা) গত ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের আদালত। একই মামলায় তার মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। মরিয়মের স্বামী ও নওয়াজের মেয়ের জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ সফদরকেও আদালত এক বছরের সাজা দেয়।

গত সেপ্টেম্বরে নিম্ন আদালতের দেওয়া ওই রায়ের কার্যকারিতা স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ। মামলার চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত ৫ লাখ রুপিতে নওয়াজ ও তার পরিবারের সংশ্লিষ্ট সদস্যদের জামিন মঞ্জুর করে আদালত।

অ্যাভেনফিল্ড মামলার রায় ঝুলে থাকলেও আজ সোমবার (২৪ ডিসেম্বর) নওয়াজের বিরুদ্ধে অন্য দুই দুর্নীতি মামলায় রায় ঘোষণা করা হয়। এর মধ্যে আল আজিজিয়া দুর্নিত মামলায় নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ফ্ল্যাগশিপ দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন তিনি।

আজ সোমবার পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালতে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ফ্ল্যাগশিপ ও আল আজিজিয়া দুর্নীতি মামলায় নওয়াজের বিরুদ্ধে রায় ঘোষণার কথা ছিল। তবে তা বিলম্বিত হয়। আজ রায় শুনানির দিন ধার্য হওয়ায় গতকাল রবিবার লাহোর থেকে ইসলামাবাদে পৌঁছান দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতা।

নওয়াজ শরিফের রায় ঘোষণাকে কেন্দ্র করে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আজ সোমবার সকাল থেকে নওয়াজের দল পিএমএল-এন’র নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন। নওয়াজ শরিফ আদালতে হাজির হলে স্লোগান দেয়া শুরু করেন তারা। এ সময় নওয়াজের সমর্থকরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ শুরু করলে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।

গত বছর পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ ও তার পরিবারের সদস্যদের নাম আসে। এর পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির কাছে সম্পদের উৎস জানাতে ব্যর্থ হওয়ায় আদালতের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হন নওয়াজ। আদালতের এমন রায়ের পর নওয়াজ শরিফ পদত্যাগ করেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...