দেশের ১২তম সিটি করপোরেশন হলো ময়মনসিংহ
Posted by: News Desk
April 2, 2018
এমএনএ রিপোর্ট : দেশের অষ্টম বিভাগ হিসেবে যাত্রা করার পর এবার ময়মনসিংহ পৌরসভাকে ১২তম সিটি করপোরেশন হলো। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ময়মনসিংহের সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন (বয়ড়া ও আকুয়া) সম্পূর্ণ ও ছয়টি ইউনিয়নকে (খাগদহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়ার) আংশিক পল্লী এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশনের এরিয়া নির্ধারণ করা হয়েছে।
সচিব বলেন, নতুন সিটি করপোরেশনের পরিধি হবে ৯১ দশমিক ৩১৫৫ বর্গকিলোমিটার। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন। ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হওয়ায় মোট জনসংখ্যা হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।
জনসংখ্যার ঘনত্ব, আয়ের উৎস, শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাসহ সিটি করপোরেশন হতে যে আটটি শর্ত লাগে এর সবগুলোই ময়মনসিংহে রয়েছে বলেও জানান জিয়াউল আলম।
বর্তমানে দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রয়েছে।
সভায় কুমিল্লা জেলার নবসৃষ্ট লালমাই উপজেলার সদর দপ্তর স্থাপনের স্থান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, আগে প্রস্তাবিত স্থানটি ছিল ৪৭ নম্বর জয়ানগর মৌজায়। বর্তমানে ৩৬ নম্বর উত্তর ফতেপুর মৌজার প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
স্থান পরিবর্তনের যুক্তি হিসেবে তিনি বলেন, ৪৭ নম্বর জয়ানগর মৌজায় কৃষি জমি ছিল এবং প্রধান সড়ক থেকে দূরত্ব ছিল তিন কিলোমিটার। যেটি অনুমোদিত হয়েছে সেটি উত্তর ফতেপুর মৌজায় রাস্তার কাছে ও এবং ওই জায়গায় ইটভাটা রয়েছে।
ছয় একর জমিতে উপজেলা সদর দপ্তর স্থাপিত হবে বলে জানান সচিব।
দেশের ময়মনসিংহ সিটি করপোরেশন 2018-04-02