এমএনএ প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে ৭টি জেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পটুয়াখালীতে ৪ জন, জামালপুরে ২ জন, বরগুনায় ২ জন এবং ময়মনসিংহ, বাগেরহাট, রংপুর ও রাজবাড়ীতে একজন করে রয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে আরও কয়েকজন আহত হয়েছেন।
পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক ঘটনায় রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলায় মাঠে কাজ ও গরু দেখাশোনার সময় তারা প্রাণ হারান। নিহতরা হলেন সৌরভ মজুমদার (২২), জহির উদ্দিন (২৮), সেতারা বেগম (৫৫) এবং খালেক হাওলাদার (৫৫)। এছাড়া গত দুই দিনে জেলায় বজ্রপাতে অন্তত ৫০টি গবাদিপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সকালে পৃথক ঘটনায় মাছ ধরতে গিয়ে শামীম মিয়া (৩৫) এবং সড়ক নির্মাণকাজে থাকা অবস্থায় শ্রমিক সাগর ইসলাম (১৮) মারা যান।
বরগুনার পাথরঘাটা ও আমতলী উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জেলে আল-আমীন ও কৃষক নূরজামাল। দুর্ঘটনার পর আমতলীতে নিহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বাগেরহাট সদর উপজেলায় বিকেলে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুর রবিন হাওলাদার (৫৩) নিহত হন।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় খড়ি সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূ বজ্রপাতে মারা গেছেন।
রাজবাড়ী সদর উপজেলায় সকালে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। এ সময় তার কোলে থাকা শিশুকন্যা ছিটকে পড়ে সামান্য আহত হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

