Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার, জীবিত উদ্ধার ৮, নিখোঁজ ৮

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার, জীবিত উদ্ধার ৮, নিখোঁজ ৮

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ নৌদুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গিয়ে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও অন্তত ৮ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বাসটি প্রায় ৬০ ফুট গভীরে নদীতে ডুবে যায়। দীর্ঘ উদ্ধার অভিযানের পর রাত ১২টা ৩৮ মিনিটে বাসটি পানির নিচ থেকে তোলা সম্ভব হয়। বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন।

উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহায়তায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী থাকলেও হাসপাতালে নেওয়ার পর দুই নারীকে মৃত ঘোষণা করা হয়।

বাসের ভেতর থেকে মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ১১ জন নারী এবং ৫ জন শিশু (৪ ছেলে ও ১ মেয়ে) রয়েছে। এছাড়া স্থানীয়দের মাধ্যমে উদ্ধার হওয়া ২ জনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এবং নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার করে আরও ১ জনের মরদেহ। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও ১০ জন ডুবুরি অংশ নিয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসনের সদস্যরাও যৌথভাবে অভিযান পরিচালনা করছেন।

দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...