এমএনএ স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে এক ইনিংস ও ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরেছিল যে দলটি, তারা দ্বিতীয় টেস্টে এভাবে ঘুরে দাঁড়াবে কে কল্পনা করতে পেরেছিল! অথচ লিডসের হেডিংলিতে তাই হয়েছে। স্বাগতিক ইংল্যান্ডকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে সমতায় চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের শরীরে এখনও যে ক্রিকেটের রক্ত বহমান সেটাই এই টেস্টই প্রমাণ করল। অনেকেই ভেবেছিল, ক্রিকেটে ক্যারিবীয় সূর্য ইতোমধ্যেই অস্ত গিয়েছে। যে টুকু বাকি আছে, সেটা সন্ধ্যা তারা হয়েই যেন মিটিমিটি ঝলছে।
কিন্তু ঐতিহ্য ঢাকা পড়তে পারে, কখনও হারিয়ে যায় না। জ্যাসন হোল্ডারের দল সেটাই প্রমাণ করল লিডসের হেডিংলিতে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩২২ রানের লক্ষ্য ৫ উইকেট হারিয়ে অনায়াসেই তুলে নিয়েছে ক্যারিবীয়রা।
ক্যারিবীয়দের ইংলিশ বধের মহানায়ক মিডল অর্ডার ব্যাটসম্যান সাই হোপ। দুই ইনিংসেই অসাধারণ দুটি সেঞ্চুরি উপহার দিয়েছেন তিনি। হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডের ইতিহাসে সাই হোপই প্রথম ব্যাটসম্যান যিনি কি না টেস্ট হোক কিংবা চার দিনের প্রথম শ্রেণির ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন। প্রথম ইনিংসে ১৪৭ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ১১৮ রানে অপরাজিত ছিলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের ছুঁড়ে দেয়া ৩২২ রানের জবাব দিতে নেমে শুরুতেই কার্লোস ব্রাফেট এবং কাইরন পাওয়েল মিলে ধীরস্থির একটা সূচনা এনে দেন। যদিও পাওয়েল ২৩ রান করে আউট হয়ে যান। এরপর সাই হোপের ভাই কাইল হোপ ব্যাট করতে নেমে রানআউট হয়ে যান কোনো রান না করেই।
তৃতীয় উইকেটে জুটি বাঁধেন ব্রাফেট এবং সাই হোপ। ব্রাফেটের জন্য দুর্ভাগ্য। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি পেলেন না। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১৩৪ রান। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি।
তবে আউট হওয়ার আগে ক্যারিবীয়দের জয়ের ভিতটা গড়ে দিয়ে যান তিনি। এরপর রোস্টন চেজ ৩০ জার্মেইন ব্ল্যাকউড ৪১ রান করে আউট হন। যদিও সাই হোপের সঙ্গে ক্যারিবীয়দের জয়ের মূল কাজটিই করে দেন ব্ল্যাকউড। ৪৫ বলে ৪১ রান করে। না হয় শেষ দিকে দ্রুত রান তুলে জয় হয়তো সম্ভবই হতো না ওয়েস্ট ইন্ডিজের।
১১৮ রান করে অপরাজিত থেকে যান সাই হোপ। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৫৮ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ কার্লোস ব্রাফেট এবং সাই হোপের সেঞ্চুরিতে ভর করে সংগ্রহ করে ৪২৭ রান।
১৬৯ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪৯০ রানে ইনিংস ঘোষণা করে, ৩২২ রানের লক্ষ্য দিয়ে আবারও ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান ইংলিশ অধিনায়ক জো রুট। তবে তার হিসাবে খানিকটা ভুল ছিল এবং সেই ভুল তৈরি করে দেন মূলত সাই হোপ আর শেষ দিকে ব্ল্যাকউড।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

