Don't Miss
Home / হোম স্লাইডার / ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান ড. রেজা কিবরিয়া

ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান ড. রেজা কিবরিয়া

এমএনএ রিপোর্ট : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে হঠাৎ করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়ে আলোড়ন তুলেছেন আওয়ামী লীগের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া-তনয় ড. রেজা কিবরিয়া। আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কৌতূহল বিরাজ করছে তার প্রার্থিতার ঘোষণা নিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ঝড় উঠে।

দলীয় নেতাকর্মীসহ হবিগঞ্জের সাধারণ মানুষ ড. রেজা কিবরিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। স্থানীয়রা বলছেন, হবিগঞ্জের উন্নয়নে রেজা কিবরিয়ার বাবার বহু অবদান রয়েছে। ব্যক্তি জীবনে ড. রেজা কিবরিয়া ক্লিন ইমেজের মানুষ। তিনি নির্বাচিত হলে পিতার মতই সাধারণ মানুষের জন্য কাজ করবেন এমন আশা তাদের।

ড. রেজা কিবরিয়া বিগত ১/১১-এর সময়ে সংস্কারপন্থি হিসেবে আওয়ামী লীগ থেকে ছিটকে পড়েন। ২০০৮ ও ২০১৪ সালের লবিং করেও আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হন। গতকাল তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল সকালে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আরও জানান, জাতীয় ঐক্যফ্রন্ট মনোনয়ন দিলে শতভাগ নিশ্চিত তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। হবিগঞ্জ-১  (নবীগঞ্জ-বাহুবল) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করছেন তিনি।

ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের এক মুসলিম পরিবারে ১৯৫৭ সনের ৬ মার্চ জন্মগ্রহণ করেন।

জালালসাপ গ্রামেই তার শৈশব কেটেছে। কৈশোর আর যৌবনের বেশিরভাগ সময় কেটেছে বিদেশে।

ড. রেজা কিবরিয়া বর্তমানে জাতিসংঘে কাজ করছেন এবং কম্বোডিয়া সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও কর্মরত আছেন। তার বাবা শাহ এএসএমকিবরিয়া ছিলেন জাতিসংঘের সেক্রেটারি আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী।  ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন। এরপর ২০০৬ সালে রেজা কিবরিয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পান। পরে সংস্কারপন্থি দলে চলে যাওয়ায় তার পরিবর্তে ২০০৮ সালে দেওয়ান ফরিদ গাজীকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়। পরে ২০১০ সালে দেওয়ান ফরিদ গাজী মৃত্যুবরণ করলে উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া নির্বাচিত হন। ২০১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির এমএ মুনিম চৌধুরী বাবু এ আসন থেকে নির্বাচিত হন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...