নির্বাচনে পক্ষপাতিত্ব করলে শাস্তির ব্যবস্থা : ইসি শাহাদাত
Posted by: News Desk
November 17, 2018
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী।
তিনি বলেন, সব নির্বাচনের জন্য নিরপেক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই, আপনারা দল-মত নির্বিশেষে নিরপেক্ষতা বজায় রাখবেন।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব হুশিয়ারি দেন।
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার ও ইএমএস, সিআইএমএস ও আরএমএস সফটওয়ার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন শাহাদাত হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা চাই, যারাই নির্বাচনে আসুক আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো রকমের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’
এই কমিশনার বলেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদেরকে সবসময় আমরা বলে থাকি, আপনারা হলেন কমিশনের অঙ্গপ্রতঙ্গ। প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন কমিশনারের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন চায়, একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সকলের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান।’
তিনি আরো বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবার সব নিবন্ধিত দলের বাইরেও অনেক অনিবন্ধিত দল নির্বাচনে অংশ নির্বাচনে অংশ নিচ্ছে। এতে আমরা আনন্দিত।
‘কারও বিরুদ্ধে যদি কোনো পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যায়, সেটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তার মতে, নিরপেক্ষতার বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেয়া হবে না।
এই নির্বাচন কমিশনার বলেন, যেহেতু এবারের নির্বাচন একটি অংশগ্রহণমূলক, তাই নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এই অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য, প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়, সেটি আপনাদের নিশ্চিত করতে হবে।
শাহাদত হোসেন বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশবাসীর সঙ্গে বিশ্বের প্রতিটা দেশ তাকিয়ে আছে সামনের নির্বাচনের দিকে।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশিক্ষকদের যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ করে নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেয়ার অনুরোধ জানান তিনি।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন। এজন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তাই করবে। এদেশের ভবিষ্যতের জন্য একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। যা দেশকে এগিয়ে নিয়ে যাবে।
এসময় নির্বাচন কমিশনার বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রত্যাশিত একটি সরকার গঠিত হতে পারে, যারা এ দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
প্রতিটি কর্মকাণ্ড আইনানুগভাবে পরিচালনা করে সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন এই নির্বাচন কমিশনার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক।
শাস্তির শাহাদাত নির্বাচনে ইসি ব্যবস্থা করলে পক্ষপাতিত্ব 2018-11-17