এমএনএ সাইটেক ডেস্ক : আইফোনের বিক্রি বাড়াতে নানা উদ্ভাবনী ফিচার সন্ধানের ধারাবাহিকতায় অ্যাপল আগামী বছরেই আইফোনে ওএলইডি ডিসপ্লে ব্যবহারের বিষয়টি বিবেচনায় রাখছে। এতে তারা প্রযুক্তিক্ষেত্রে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী স্যামসাং-এর ওপর নির্ভরশীলতা এড়াতে চায় বলে জানিয়েছে রয়টার্স। তবে এতে করে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অ্যাপল।
আইফোন স্ক্রিনের ডিসপ্লে সরবরাহের জন্য অ্যাপল দীর্ঘদিন ধরেই জাপান ডিসপ্লে ইনকর্পোটেড, শার্প এবং এলজি’র ওপর নির্ভরশীল। তবে আইফোনে ওএলইডি ডিসপ্লে ব্যবহারের সিদ্ধান্ত স্যামসাংয়ের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
বর্তমানে ওএলইডি প্রযুক্তির বাজার স্যামসাং-এর দখলে। বেইজিং ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিগমা ইনটেল জানায়, বিশ্বের সম্পূর্ণ ওএলইডি ডিসপ্লে সরবরাহের ৯৫ শতাংশই স্যামসাংয়ের নিয়ন্ত্রণে।
সিগমা ইনটেল-এর ভাইস প্রেসিডেন্ট লিসা লি মন্তব্য করেন, অ্যাপল ওএলইডি ব্যবহার শুরু করলে ডিসপ্লে প্যানেল সরবরাহ ব্যবস্থা তাদের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে।
এ প্রসংগে অ্যাপল-এর একজন মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ পণ্য নিয়ে কোনো মন্তব্য করে না।
সম্প্রতি ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান শার্প-এর নিলামে অ্যাপল বা স্যামসাং কোন প্রতিষ্ঠানই সক্রিয়ভাবে অংশ না নিলেও তাদের এ দ্বৈরথ এতে ভালোই রসদ জুগিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
গত বুধবার শার্প জানায়, ফক্সকন-এর সাড়ে তিন শতকোটি ডলার বিনিয়োগের প্রস্তাব তারা গ্রহণ করেছে। এই বিনিয়োগের পুরোটাই অর্গানিক লাইট এমিটিং ডিসপ্লে (ওএলইডি) তৈরি প্রকল্পে ব্যয় হবে বলে প্রতিষ্ঠানটির বরাতে রয়টার্স জানায়।
মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ডিসপ্লে ব্যবহারে পরিবর্তনের এ ধারা ফক্সকন-এর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে। আইফোন সংযোজনকারী এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং থেকে আরও লাভজনক ব্যবসা হিসেবে ডিসপ্লে তৈরির দিকে আগ্রহ দেখিয়েছে।
এ প্রসংগে ফক্সকন কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
শার্প এখনও পর্যন্ত ওএলইডি ডিসপ্লে তৈরি না করলেও প্রতিষ্ঠানটি তাদের বর্তমান প্রযুক্তি ছেড়ে ওএলইডি ডিসপ্লে বানানোর দিকে নজর দিতে পারে বলে মন্তব্য করেন বার্নস্টেইন রিসার্চ-এর প্রযুক্তি বিশ্লেষক আলবার্টো মোয়েল।
বিশ্লেষকেরা বলেন, মোবাইল ডিভাইস নির্মাতারা বিশেষ কিছু সুবিধার কারণে বাজার ক্রমেই এলসিডি ডিসপ্লে ছেড়ে ওএলইডির দিকে ঝুঁকবে। ওএলইডি ডিসপ্লেতে ব্যাকলিটে প্রযুক্তির বদলে আলাদা আলাদা পিক্সেল ব্যবহৃত হয়, যার ফলে এটি কম স্তরবিশিষ্ট এবং পাতলা হয়ে থাকে। ব্যাকলিট না থাকায় ওএলইডি-এর কালো পিক্সেলগুলো বন্ধ থাকে, যার ফলে শক্তি খরচ তুলনামূলকভাবে কম হয়। এ ছাড়াও বাঁকানো এবং স্থিতিস্থাপক ডিজাইনের জন্য ওএলইডি ডিসপ্লে উপযোগী।
রয়টার্স জানায়, এ দুই ধরনের ডিসপ্লে উৎপাদনের প্রাথমিক প্রক্রিয়া একই হলেও ওএলইডি ডিসপ্লেতে এলসিডির মতো লিকুইড ক্রিস্টাল স্তরের বদলে অর্গানিক কম্পাউন্ডের স্তর ব্যবহার করা হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক



