Don't Miss
Home / রাজনীতি / নতুন সংসদ ইতিবাচক সংস্কৃতির উদাহরণ হবে: সালাহউদ্দিন

নতুন সংসদ ইতিবাচক সংস্কৃতির উদাহরণ হবে: সালাহউদ্দিন

এমএনএ প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন  আহমেদ বলেছেন, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে দেশের মানুষ আশ্বস্ত হবে এবং তারা মনে করবে—এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যে নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছিল, তা দূর করতে কাজ করবে বিএনপি।

শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর গুলশান এলাকায় বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংসদ সদস্যদের সঙ্গে সংবিধান, সংসদের কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিডিউর), সংসদীয় রীতিনীতি ও কনভেনশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা নিয়েও তাদের ধারণা দেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন সংসদ সদস্যরা যেন জনগণের প্রত্যাশা পূরণে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বিশেষ করে যারা প্রথমবার নির্বাচিত হয়েছেন, তাদের সংসদীয় কার্যক্রম শুরু করা এবং প্রয়োজনীয় বিষয়গুলো শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন সদস্যদের প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, একটি শিশু জন্মের পর যেমন নতুন ও ইতিবাচক সংস্কৃতি শিখে বড় হয়, তেমনি নবীন সংসদ সদস্যদেরও সঠিক সংসদীয় সংস্কৃতিতে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা অংশ নিয়ে সংসদ সদস্যদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত দক্ষতা বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন।

এর আগে শুক্রবার (৬ মার্চ) কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারিক রহমান। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা জাইমা রহমান।

দুইদিনব্যাপী এই কর্মশালার বিভিন্ন সেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। শনিবার সকালে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের সদস্যরা অংশ নেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের অংশগ্রহণের কথা রয়েছে।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...