নরসিংদীতে দুই ভাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
Posted by: News Desk
September 26, 2018
এমএনএ জেলা প্রতিনিধি : নরসিংদীতে একটি বিল থেকে দুই ভাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চরাঞ্চলের জামালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো: অলিউল্লাহ মিয়া (২৫) ও মো: খলিল উল্লাহ (২২)। তারা জামালিয়াকান্দি গ্রামের কবির হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার পর দুই ভাই অলিউল্লাহ ও খলিল উল্লাহ বাড়ি থেকে বের হয়ে যান। বিকেল সাড়ে ৫টার দিকে জামালিয়াকান্দি এলাকার একটি বিলের মধ্যে তাদের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকার খবর পান পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে।
নজরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, বিকাল ৫টার দিকে একদল লোক দুই সহোদরকে কুপিয়ে হত্যা করে গ্রামের একটি ধান ক্ষেতে লাশ ফেলে রেখে যায়।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িতপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহের সুরতহাল দেখে মনে হচ্ছে দুই ভাইকেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন যাবৎ এরা মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা তাদেরকে হত্যা করে থাকতে পারে।
এসআই আবুল হাসেম মজুমদার বলেন, তবে এ ঘটনার সাথে কে বা কারা জড়িত এবং কেন তাদেরকে হত্যা করা হয়েছে তা এখনো বলা যাচ্ছেনা।
এলাকাবাসীর কাছে খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।
উদ্ধার দুই মৃতদেহ নরসিংদীতে রক্তাক্ত ভাইয়ের 2018-09-26