Don't Miss
Home / আজকের সংবাদ / নর্থ-সাউথ ইউনিভার্সিটির শিক্ষক সিজার নিখোঁজ

নর্থ-সাউথ ইউনিভার্সিটির শিক্ষক সিজার নিখোঁজ

এমএনএ রিপোর্ট : রাজধানীর খিলগাঁও থেকে নর্থ-সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মুবাশ্বার হাসান সিজার (৩৫) নিখোঁজ হয়েছেন। তিনি ওই ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক। এই ঘটনায় মুবাশ্বারের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি জিডি করেছেন।
জিডি করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে খিলগাঁও থানা। জিডি নম্বর ৪০৪।
জিডিতে বলা হয়েছে, মুবাশ্বার হাসান সিজার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সকালে বনশ্রীর বাসা থেকে বের হন। বিকাল ৪টায় তার সঙ্গে তার বাবার সর্বশেষ কথা হয়। রাত ৯টায় ওর বাসায় ফেরার কথা ছিল। কিন্তু বিকাল ৪টার পর থেকে ওর মোবাইল বন্ধ পাওয়া যায়।
জিডির সূত্র ধরে খিলগাঁও ওসি মশিউর রহমান জানান, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই শিক্ষক খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর জে-ব্লকের ১২/৩ রোডের ২৫ নম্বর বাড়ি থেকে বেরিয়ে যান ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সন্ধ্যার পর বাসায় না ফিরলে তার পরিবার রাতেই থানায় একটি জিডি করেন।
নিখোঁজের ছোট বোন তামান্না জানান, সর্বশেষ তার ভাইয়ের মোবাইল ফোনের অবস্থান পাওয়া গেছে ঢাকাস্থ ইউএন সদর দপ্তরের আশে-পাশে। এরপর থেকে তার এর কোন অবস্থান শনাক্ত করা যায়নি।
মুবাশ্বার হাসান সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন গণমাধ্যমকে বলেন, গত ২৫ অক্টোবর কেউ একজন ছাত্র পরিচয় দিয়ে সিজারকে খুঁজতে বাসায় এসেছিল। সিজার তখন ছিলেন না। এরপর থেকেই সিজার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। পরে সিজার নিরাপত্তার জন্য বাসায় সিসি ক্যামেরাও স্থাপন করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, গতকাল তিনি সমাজবিজ্ঞান অনুষদে খোঁজ নিয়ে জেনেছেন, গতকাল মঙ্গলবার মুবাশ্বার হাসান বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং কাজ করেছেন। এরপর বিকেল থেকে তাঁর ফোন বন্ধ বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন। তাঁর কী হয়েছে, এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, গতকাল রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের করা জিডির বরাত দিয়ে তিনি জানান, গতকাল বিকেলে বাসা থেকে বের হন ওই শিক্ষক। এরপর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাঁকে খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছে।
x

Check Also

ফারাক্কার ৫০ বছর: পানি, প্রকৃতি ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনায় লংমার্চের চেতনা

এমএনএ প্রতিবেদক ফারাক্কা লংমার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, অর্ধশতক পেরিয়েও ফারাক্কা ইস্যু ...