Don't Miss
Home / আজকের সংবাদ / নায়কের বেশেই বিদায় নিলেন পোডোলস্কি

নায়কের বেশেই বিদায় নিলেন পোডোলস্কি

এমএনএ স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয়সূচক গোলে নায়কের বেশেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মান ফরোয়ার্ড লুকাস পোডোলস্কি।

গতকাল বুধবার রাতে ডর্টমুন্ডের সিগনাল-ইদুনা-পার্কে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে ১৩০তম ও বিদায়ী ম্যাচ খেলতে নামেন পোডোলস্কি।

জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পোডোলস্কি বলেন, ‘আজ (গতকাল) যা হলো, এটা যেন একটা সিনেমা!’

কী এমন হলো যে লুকাস পোডলস্কির মনে হচ্ছে এটি বাস্তব নয়, যেন কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য? জার্মান ফরোয়ার্ডের মুখেই শুনুন ব্যাপারটা, ‘আমরা জিতেছি আর জেতার গোলটা আমিই করেছি।’

জার্মানির জার্সিতে কম গোল করেননি পোডলস্কি। জাতীয় দলের হয়ে ৪৯টি গোল করেছেন। তবু কালকের এই একটি গোলকে সাজানো চিত্রনাট্য মনে হতেই পারে। জাতীয় দলের হয়ে অবসর নিয়ে নিচ্ছেন ৩১ বছর বয়সেই। সম্মান জানাতে বিদায়ী ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছিল তাঁর হাতে। ইংল্যান্ডের বিপক্ষে কাল সিগনাল ইদুনা পার্কে নেমেও ছিল এক তরুণ জার্মান দল। তবু গোল করার লোকের অভাব ছিল না। টিম বার্নার, লিরয় সানে কিংবা জুলিয়ান ব্রান্ডের মতো ফর্মে থাকা সব ফরোয়ার্ডরা তো ছিলেন।

কিন্তু উজ্জীবিত ইংল্যান্ডের সামনে কাঁচুমাচু হয়ে ছিল স্বাগতিকেরা। পরীক্ষামূলকভাবে মাত্র তিনজন ডিফেন্ডার নিয়ে নামা ইংল্যান্ডের আক্রমণ ছিঁড়েখুঁড়ে ফেলছিল জার্মান রক্ষণকে। কিন্তু ম্যানুয়েল নয়্যায়ের পরিবর্তে নামা মার্ক টার স্টেগেনকে ফাঁকি দিতে পারছিলেন না জেমি ভার্ডি, ডেলে আলিরা। অ্যাডাম লালানা পেরেছিলেন, কিন্তু তাঁর দুর্দান্ত শটটা পোস্টে লেগে ফিরে আসে।
জার্মানিকে স্বস্তি দিয়েছেন বিদায় বলতে নামা পোডলস্কি। ৬৯তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন পোডোলস্কি। আন্ড্রে শুরলের ছোট পাস ধরে বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের সাবেক এই তারকা ২৫ গজ দূর থেকে আচমকা বিদ্যুৎ গতির শটে বল জালে জড়ান। জালের দুরূহ কোনায় আশ্রয় নেওয়া সে বল আটকানোর ক্ষমতা ছিল না ইংলিশ গোলরক্ষক জো হার্টের। নিজের বিদায় উপহার নিজেই আদায় করে নেওয়ার পর পোডলস্কির মন্তব্যটাও ছিল দুর্দান্ত, ‘খোদা আমাকে একটা বাঁ পা দিয়েছিলেন। সেটি আমাকে এতগুলো বছর অনেক কিছুই দিয়েছে।’

কথাটা অবশ্য ভুল বলেননি পোডলস্কি। মাত্র ৩১ বছরেই জাতীয় দলকে বিদায় বলে দিচ্ছেন, এই বয়সেই ১৩০ বার নেমেছেন জার্মানির হয়ে। খেলেছেন তিনটি বিশ্বকাপ ও তিনটি ইউরো। কোনোবারই সেমিফাইনাল না খেলে ফেরেননি। ২৪ বছর পর জার্মানিকে বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দেওয়া দলেও ছিলেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পোডলস্কিদের যুগেই জার্মান দলের নাম থেকে মুছে গেছে ‘যন্ত্র’ শব্দটি। পোডলস্কিদের আবির্ভাবেই জার্মান ফুটবলের সঙ্গে এখন ‘শিল্প’ শব্দটাও মানিয়ে যায় খুব সহজে।
পোডলস্কির বিদায় যেন এক শিল্পীরই বিদায়!

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...