মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : পণ্যের মান উন্নয়ন, নিজস্ব ব্র্যান্ড তৈরি ও সেগুলো বাজারজাত এবং রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০১৬) উদ্বোধন করেন তিনি। মাসব্যাপী এ মেলায় অংশগ্রহণকারী দেশগুলো তাদের সর্বশেষ পণ্য দেশি-বিদেশি ক্রেতাদের সামনে প্রদর্শন করবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে দেশের সর্ববৃহৎ এই বাণিজ্য মেলার আয়োজন করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমাদের রপ্তানি যোগ্য পণ্য অনেকে বেড়েছে। ৭২৯টি পণ্য ১৯২টি দেশে আমরা রপ্তানি করছি। ২০০৫-’০৬ সালে আমাদের রপ্তানি ছিল ১০.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা এখন ৩১ দশমিক ৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রপ্তানি বহুমুখীকরণ করতে পারলে এর পরিমাণ আরও বাড়ানো যাবে। আমাদের এখন আর পরমুখাপেক্ষি হয়ে চলতে হবে না।’
শেখ হাসিনা বলেন, ‘কারও কাছে ভিক্ষা চেয়ে আমরা চলি না, সেটুকু মর্যাদা আমরা অর্জন করতে পেরেছি।’
বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুর্কি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতসহ ২১টি দেশ অংশ নিচ্ছে এ মেলায়। এ বছর নতুন সাতটি দেশ মরিসাস, ঘানা, নেপাল, হংকং, জাপান, মরক্কো ও ভুটান এ মেলায় অংশ নিচ্ছে।
মেলায় পূর্ণবয়স্কদের প্রবেশ ফি ৩০ টাকা, আর শিশুদের জন্য ২০ টাকা। মেলায় রয়েছে ১১১টি প্যাভিলিয়ন, ৫৭টি মিনি প্যাভিলিয়ন, ৮০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন ও ২৭৬টি স্টল।
মেলায় যন্ত্রপাতি, কার্পেট, প্রসাধনী ও সৌন্দর্য সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ওয়াব, খেলনা, স্টেশনারি, ঘড়ি, গহনা, সিরামিক সামগ্রী, স্থানীয় পোশাক সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য, ফার্স্ট ফুড, আসবাবপত্র ও হস্তশিল্প ইত্যাদি সামগ্রী প্রদর্শন করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংসদে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, কূটনীতিকবৃন্দ, ব্যবসায়ী ও রফতানিকারক নেতৃবৃন্দ এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক


