নোয়াখালীতে ২ যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
Posted by: News Desk
March 10, 2018
এমএনএ জেলা প্রতিনিধি : নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলায় একলাশপুরে গ্রামে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার ভোরে উপজেলার একলাশপুরে ভিআইপি রোড সংলগ্ন চৌকিদার বাড়ির পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন— উপজেলার উত্তর একলাশপুরে মওদার বাড়ির সোলেমানের ছেলে মোহাম্মদ আলী (২৫) ও করিম তালুকদার বাড়ির আবদুল কাদেরের ছেলে রবিন (২২)। তাঁরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। একলাসপুর গ্রামে পাশাপাশি বাড়ির তাঁদের।
স্থানীয় বাসিন্দা আলি আজ্জম জানান, ভোরে গুলির শব্দে ঘুম ভাঙলে উঠে দেখেন কিছু লোক দৌড়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে পুকুরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন তিনি।
স্থানীয় আরেক বাসিন্দা ফয়েজের স্ত্রীসহ কয়েকজন জানান, ফজরের আজানের পরে নামাজের জন্য অজু করতে বের হলে মোহাম্মদ আলী দৌড়ে এসে তাদের ঘরে ঢোকে। ওই সময় তাকে ধাওয়া করে আরও ৪-৫ জন যুবকও চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র নিয়ে সেখানে হাজির হয়। তারা এক পর্যায়ে জোর করে ঘরে ঢুকে মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ভোরে মোহাম্মদ আলী ও রবিন মোটরসাইকেলে যাচ্ছিলেন। ওই সময় একলাশপুর বাজারের পূর্বদিকে ভিআইপি সড়কের পাশে একদল দুর্বৃত্তকে অস্ত্রহাতে তাদের ধাওয়া করে।
“তারা রবিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে স্থানীয় চৌকিদার বাড়ির পুকুরের লাশ ফেলে দেয়। এরপর তারা মোহাম্মদ আলীকে ধাওয়া করে করে তার ফুফুর ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে।”
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে মোহাম্মদ আলী স্থানীয় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬-৭টি মামলা রয়েছে।
কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
গুলি হত্যা কুপিয়ে নোয়াখালীতে ২ যুবককে 2018-03-10