ন্যাম ভবনে সাংসদপুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
Posted by: News Desk
January 21, 2018
এমএনএ রিপোর্ট : রাজধানীর মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবনে একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার সকাল ৮টার দিকে ৫ নম্বর ভবনের (এমপি হোস্টেল) ৬০৪ নম্বর ফ্ল্যাট থেকে পুলিশ অনিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস। লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মফিজুল হক জাহাঙ্গীর জানান, ন্যাম ভবনে তিনি তার দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন। স্ত্রী সাধারণত সাতক্ষীরাতেই থাকেন।
ওয়ার্কার্স পার্টির নেতা ও সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরার নিজ নির্বাচনী এলাকা থেকে আজ রবিবার ভোরেই ঢাকায় ফেরেন। ফ্ল্যাটে এসে তিনি ছেলেকে ডাকলেও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। তখন ঘরের মধ্যে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান বলে জানান মফিজুল হক জাহাঙ্গীর।
পরিবারের ধারণা, রাতের কোন এক সময় অনিক আত্মহত্যা করেছে। তবে কি কারণে ছেলেটি আত্মহত্যা করেছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি।
পরে আজ দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের সুরতহাল করা হয়। এ সময় হাসপাতালে এমপি, মরহুমের বোন অদৃতা স্মৃতি উপস্থিত ছিলেন। মা নাসরীন খান লিপি সাতক্ষারায় অবস্থান করছেন। হেলিকপ্টারে তাকে সাতক্ষীরায় নেয়া হবে।
মরদেহের সুরতহাল শেষে ফরেনসিক মেডিকেলের প্রধান ডাক্তার অধ্যাপক আ ম সেলিম রেজা সাংবাদিকদের বলেন, গলায় ইন্টারনেটের তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শরীরের আর কোনো জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মরদেহের সুরতহাল শেষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাসদের এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের (২৬) মরদেহ গ্রামে নেয়া হচ্ছে।
এদিকে ঘটনা শোনার পর সাতক্ষীরায় এমপির বাড়িতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় করছেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছেন না।
অনিক আজিজ এমপি লুৎফুল্লাহর একমাত্র ছেলে। তিনি দুই ভাই-বোনের মধ্যে সবার বড়। অনিক খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিএসসি শেষ করে ঢাকার ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ে এমএসসি পড়া-লেখা করছিলেন।
লাশ উদ্ধার ভবনে ঝুলন্ত ন্যাম সাংসদপুত্রের 2018-01-21