এমএনএ বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন ছিল ২ নভেম্বর । ৫৬ বছর বয়সে পা রেখেছেন তিনি। জন্মদিনকে ঘিরে প্রতি বছর এই দিনের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন শাহরুখের ভক্তরা। সন্ধ্যা থেকে জড়ো হন শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে।
নিজের জন্মদিনে ভক্তদের দেখা দিতে মুম্বাইয়ের বাসভবন মান্নাতের বারান্দায় দেখা যায় তাকে। কিন্তু এবার হয়নি। পরিবারে সবাইকে নিয়ে পাড়ি জমিয়েছেন দক্ষিণ মুম্বাইয়ের উপকূলীয় শহর আলীবাগে অবস্থিত নিজের ফার্ম হাউজে।
মাদক মামলায় গ্রেপ্তার হয়ে শাহরুখপুত্র আরিয়ান ছিলেন মুম্বাইয়ের আর্থার রোডের জেলে। প্রায় এক মাস পর বড় ছেলে জেলে থেকে জামিন পেয়ে ঘরে ফিরেছে। ছেলেকে জামিনে মুক্ত করতে কম ঘাম ঝরাতে হয়নি শাহরুখ-গৌরী জুটিকে। তাই হয়তো ধকল সামলে নিতে এবার মুম্বাই ছেড়ে আলীবাগে চলে গিয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমে শাহরুখের ম্যানেজার বমেন জানিয়েছেন, শাহরুখ খান তার স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান খান এবং ছোট ছেলে আব্রাম খানকে নিয়ে আলীবাগের বিলাসবহুল ফার্ম হাউজে উঠেছেন।
শাহরুখ তার সকল প্রকার শুটিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিলেন। তার অভিনীত সিনেমা ‘পাঠান’ এবং পরিচালক এটলির এক সিনেমার শুটিং মাঝপথেই আটকে রয়েছে।
ডিসেম্বরে স্থগিত রাখা সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ। সিনেমার শুটিং শুরু করলে গৌরী ছোট ছেলে আব্রাম আর আরিয়ানকে নিয়ে আলীবাগে থাকবেন।
শাহরুখের একমাত্র মেয়ে সুহানা মার্কিন যুক্তরাষ্ট্রে ফিল্ম বিষয়ে পড়াশোনা করছেন। লন্ডনে ‘রোমিও জুলিয়েট’ নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমাতেও দেখা গেছে তাকে। এতে অভিনয় করে বেশ নজর কেড়েছিলেন এ স্টার কিড।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

