Don't Miss
Home / আজকের সংবাদ / পাকিস্তানের কাছে ২০ রানে বিশ্ব একাদশের হার

পাকিস্তানের কাছে ২০ রানে বিশ্ব একাদশের হার

এমএনএ স্পোর্টস ডেস্ক : জয় হলো পাকিস্তানের, পাকিস্তান ক্রিকেটের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়েছে পাকিস্তান। সরফরাজ আহমেদদের ১৯৮ রানের পাহাড়সম লক্ষ্যের সামনে ১৭৭ রানেই শেষ হয়ে যায় বিশ্ব একাদশের ইনিংস। ফলে ২০ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তামিমদের।

দলের পরাজয় প্রায় নিশ্চিত। হাসান আলির করা ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে ইয়র্কাকে নাকাল হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ড্যারেন স্যামি। যেই বোলারের ইয়র্কারে ভূপাতিত হলেন তাকেই হাততালি দিয়ে অভিবাদন জানান এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। বোলিং প্রান্ত থেকে এগিয়ে এসে স্যামিকে মাটি থেকে টেনে তোলেন হাসান।

পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের আগে গত সোমবার ফাফ ডু প্লেসিস তাই বলেছিলেন, এটি শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়; তারচেয়েও বেশি কিছু। গতকাল মঙ্গলবার প্রথম ম্যাচে যেন সেটিরই প্রতিফলন ঘটল। ব্যাট-বলের লড়াইয়ে জয় হয়েছে পাকিস্তানের; ক্রিকেটেরও। তামিম ইকবালের বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সরফরাজ আহমেদের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রানের পাহাড় গড়ে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানে আটকে যায় বিশ্ব একাদশের ইনিংস। বিশ্ব একাদশের হয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তামিমরা।

বুধবার গাদ্দাফি স্টেডিয়ামেই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও বিশ্ব একাদশ। সিরিজের শেষ ম্যাচটি একই মাঠে শুক্রবার অনুষ্ঠিত হবে।

২০০ ছুঁই ছুঁই লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বিশ্ব একাদশকে জিততে হলে ব্যাটিংয়ে ঝড় তুলতে হতো; বড় পার্টনারশিপ গড়তে হতো। স্যামি মিনি ঝড় তুললেও অন্যরা খুব একটা সুবিধা করতে পারেননি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তারকাবহুল দলটিকে।

বিশ্ব একাদশের হয়ে তামিম ১৮ বলে ১৮ এবং টিম পাইন ২৫ বলে ২৫ রান করেন; যেটি টি-টোয়েন্টির সঙ্গে বড্ড বেমানান। এছাড়া আমলা ১৭ বলে ২৬, স্যামি ১৬ বলে ২৯ এবং অধিনায়ক ডু প্লেসিস করেন ১৮ বলে ২৯ রান। থিসারা পেরেরা ১১ বলে ১৭ রান করে রানআউট হন।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন রুম্মান রইস, সোহেল খান ও শাদাব খান।

এর আগে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেন লাহোরের ছেলে বাবর আজম। ৫২ বলে ১০টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৮৬ রানের দারুণ ইনিংস উপহার দেন তিনি। এছাড়া শোয়েব মালিক ২২ বলে ৩৮ এবং আহমেদ শেহজাদ করেন ৩৪ বলে ৩৯ রান। ইমাদ ওয়াসিম ৪ বলে ১৪ রান করেন।

বিশ্ব একাদশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন থিসারা পেরেরা। একটি করে উইকেট নেন মরনে মরকেল, বেন কাটিং ও ইমরান তাহির।

২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। সেই ঘটনার জের ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে না। এক জিম্বাবুয়ে ছাড়া কোনো দলই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গত আট বছরে পাকিস্তানে যায়নি। বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সেই ‘বন্ধ্যাত্ব’ ঘুচতে যাচ্ছে।

পাকিস্তানের একাদশ : আহমেদ শেহজাদ, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলি, সোহেল খান ও রুম্মান রইস।

বিশ্ব একাদশের একাদশ : তামিম ইকবাল, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, থিসারা পেরেরা, টিম পাইন, ডেভিড মিলার, বেন কাটিং, ড্যারেন স্যামি, ইমরান তাহির, মরনে মরকেল ও গ্রান্ট ইলিয়ট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান : ২০ ওভারে ১৯৭/৫ (ফখর ৮, শেহজাদ ৩৯, বাবর ৮৬, মালিক ৩৮, সরফরাজ ৪, ইমাদ ১৫*, আশরাফ ০*; মর্কেল ১/৩২, থিসারা ২/৫১, কাটিং ১/৩৮, তাহির ১/৩৪, এলিয়ট ০/১৭, স্যামি ০/২৪)।

বিশ্ব একাদশ : ২০ ওভারে ১৭৭/৭ (তামিম ১৮, আমলা ২৬, পেইন ২৫, দু প্লেসি ২৯, মিলার ৯, এলিয়ট ১৪, থিসারা ১৭, স্যামি ২৯*, কাটিং ০*; ইমাদ ০/২২, সোহেল ২/২৮, হাসান ০/৪৪, রাইস ২/৩৭, আশরাফ ০/৭, শাদাব ২/৩৩)।

ফল : পাকিস্তান ২০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ : বাবর আজম

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...