Don't Miss
Home / আজকের সংবাদ / পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পানামা পেপার্স কেলেঙ্কারী মামলার রায়ে সর্বোচ্চ আদালতে অযোগ্য ঘোষিত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ করেছেন। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন।

পানামা পেপারসে ফাঁস হওয়া তথ্যে জানা যায়, নওয়াজ (৬৭) ও তাঁর পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। এই অভিযোগের তদন্ত করতে আদালতের নির্দেশে যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়। জেআইটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন। তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত আজ নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে রায় দেন। নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছেন আদালত।

নওয়াজ শরীফ ও তার সন্তানরা শুরু থেকেই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন। পরিবারের সব সম্পত্তিই বৈধ উপায়ে কেনা বলেও তাদের দাবি।

যৌথ তদন্ত দলের (জেআইটি) জিজ্ঞাসাবাদেও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং  তাঁর পরিবারের সদস্যরা  সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। কিন্তু আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ক্ষমতা ছাড়তেই হতো।

কিন্তু কাল ক্ষেপন না করে সুপ্রিম কোর্টের রায়ের কিছু পরেই পদত্যাগের ঘোষণা দিলেন চাপে থাকা নওয়াজ শরীফ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রায় ঘোষণায় বিচারপতি ইজাজ আফজাল খান বলেন, ‘নওয়াজ শরিফ এখন পার্লামেন্টের সদস্য পদে অযোগ্য। প্রধানমন্ত্রী পদের জন্যও অযোগ্য তিনি।’

অ্যাটর্নি জেনারেল আসতার আউসাফ জিও নিউজকে বলেন, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। তিনি ভবিষ্যতে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

পাকিস্তানের জিও নিউজের খবরে বলা হয়, পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দিয়েছেন। আদালতের আদেশে নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম, ছেলে হুসেইন ও হাসানের বিরুদ্ধে রেফারেন্স উল্লেখ করে তা জবাবদিহি আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী মুসলিম লিগের প্রধান শেখ রাশেদ ও জামায়াতে ইসলামীর প্রধান সিরাজুল হকের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারি মাসে নওয়াজের অর্থপাচারের অভিযোগের শুনানি শুরু হয় পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে।

গত জুনে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানায়, পানামা পেপার্স কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করার মত পর্যাপ্ত প্রমাণ মেলেনি। এ সময় আদালত প্রধানমন্ত্রীকে অপসারণের দাবির পক্ষে তথ্য সংগ্রহ করতে এবং পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে যৌথ তদন্ত দল (জেআইটি) গঠনের আদেশ দেন।

সামরিক-বেসামরিক গোয়েন্দা সদস্যদের নিয়ে গঠিত ছয় সদস্যের এ তদন্ত দলকে নওয়াজ পরিবারের তিন পুরুষের সম্পত্তির হিসাব নিতে বলা হয়; একইসঙ্গে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

আদালতের দেওয়া আজকের রায়ে নওয়াজের জামাতা মুহাম্মদ সফদারকে জাতীয় পরিষদের সদস্য পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অযোগ্য ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রী ইসহাক দারকেও।

গত বছর পানামাভিত্তিক আইনি সেবাপ্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটি ১৫ লাখ গোপন নথি প্রকাশ করে। তাতে বিশ্বের বহু ক্ষমতাধর, ধনী ও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ সামনে আসে। যা বিশ্বে পানামা পেপারস কেলেঙ্কারি নামে পরিচিতি পায়। এরই নথিতে নওয়াজ ও তাঁর চার ছেলেমেয়ের মধ্যে তিনজনের নাম আসে।

পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজের (পিএমএল-এন) দলের নেতা নওয়াজ শরীফের বাবা ছিলেন দেশটির খ্যাতিমান শিল্পপতি।

নওয়াজের ঘনিষ্ঠজনেরা বলছেন, এটা নওয়াজকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র। ২০১৩ সালে সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন নওয়াজ। এর আগের দুইবারও প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ পূর্ণ করতে পারেননি তিনি। এর মধ্যে ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান নওয়াজ। ক্ষমতাচ্যুত হওয়ার পর বেশিরভাগ সময় তিনি সৌদি আরবে ছিলেন। প্রথমবার ১৯৯০ থেকে ১৯৯৩ এবং দ্বিতীয়বার ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ক্ষমতা ছিলেন তিনি। ১৯৯৩ সালেও দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় নওয়াজকে।

উল্লেখ্য, পাকিস্তানে কোনও বেসামরিক প্রধানমন্ত্রী কখনও পাঁচ বছরের মেয়াদ পুরো শেষ করতে পারেননি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া নওয়াজের মেয়াদ শেষ হতে আর এক বছরেরও কম সময় বাকি ছিল। আর সেই সময় শেষ হওয়ার আগেই বিদায়ের ঘোষণা দিলেন তিনি।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...