এমএনএ খেলাধুলা ডেস্ক : এবারের বিশ্বকাপের পূর্বে পাকিস্তানকে কেউ সেরার কাতারে রাখেনি। এমন কি অনেকে চিন্তাও করেনি পাকিস্তান এবারে সেমি ফাইনাল খেলবে। তবে সবাইকে অবাক করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় তারা। এরপর টানা দুই ম্যাচ জিতে সেমিতে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। আর তাদের এমন পারফরমেন্সে মুগ্ধ হয়ে পাকিস্তানকে এবারের বিশ্বকাপের ফাইনালে দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইমরান তাহির।
দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরের মতে ফাইনালে ওঠার সব উপকরণ পাকিস্তানের কাছে আছে। তবে পাকিস্তানের সাথে অপর ফাইনালিস্ট হিসেবে নিজ দল দক্ষিণ আফ্রিকাকেও রাখছেন তাহির।এ নিয়ে ৪২ বছর বয়সী এই অভিজ্ঞ লেগ স্পিনার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ দারুণ। আমার মনে হচ্ছে পাকিস্তানকে এখন কোনো কিছুই আটকাতে পারবে না। আমি তাদেরকে ফাইনালে দেখতে পাচ্ছি।’টানা তিনটি ম্যাচ জিতে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয় চলতি টুর্নামেন্টে পাকিস্তানের মোমেন্টাম তৈরি করে দেয়।
এদিকে ভারতের দলে যুজবেন্দ্র চাহালকে না দেখে বিস্মিত হয়েছেন তাহির। তবে দলে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তীকে নেওয়ায় জায়গা হয়নি চাহালের।চাহালকে নিয়ে তাহির বলেন, ‘ সে একজন দারুণ বোলার। আমি ব্যক্তিগতভাবে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে দলে নেওয়া হয়নি।’
আরব আমিরাতের পিচ সাধারণত স্পিন বান্ধব হয়ে থাকে। আর এবারের বিশ্বকাপেও স্পিনাররা দারুণ করছে। স্পেশাল ভাবে লেগ স্পিনাররা টুর্নামেন্টে দারুণ ভূমিকা রেখেছে বলে মনে করেন তাহির। তিনি বলেন, ‘লেগ স্পিনাররা বড় ভূমিকা রাখছে। ব্যাটাররা এখন সেভাবে খেলতে পারছে না ১০ বছর আগে যেভাবে খেলতো। টি-টোয়েন্টি বিশ্বকাপে শামসি, আদিল রশিদ, রাশিদ খান দারুণ খেলছে দেখে ভালো লাগছে। তারা নিজ নিজ দেশকে গর্বিত করছে।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
