এমএনএ অর্থনীতি ডেস্ক : বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা প্রতি মাসে তাঁদের আয়ের ৮০ শতাংশ অর্থ নিজ দেশে পাঠাতে পারবেন। বাকি ২০ শতাংশ অর্থ থেকে কর পরিশোধের পর যা জমা থাকবে সেটিও স্বদেশে পাঠানো যাবে। ফলে এ দেশে উপার্জিত অর্থ নিজ দেশে নেওয়া বিদেশিদের জন্য সহজ হলো। আগেও আয় নিজ দেশে নেওয়া যেত, তবে এবার বিদেশিদের স্বদেশে অর্থ নেওয়ার সুবিধা বাড়ানো হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশিদের জন্য সুবিধা বাড়িয়েছে।এতে বলা হয়, বিদেশিরা আগে আয়ের ৭৫ শতাংশ অর্থ প্রতি মাসে নিজ দেশে নিতে পারতেন। আর বাকি অর্থ চাকরি শেষে একেবারে চলে যাওয়ার সময় নিতে পারতেন। এখন তাঁরা মাসিক আয়ের ৮০ শতাংশ নিতে পারবেন। পাশাপাশি কর পরিশোধের পর বাকি অর্থ নেওয়া যাবে।
ব্যাংকগুলোর হাতে বৈদেশিক মুদ্রা থাকলে তা বিদেশিরা চাইলেই পাঠিয়ে দেওয়া যাবে। বিদেশিদের পরিবারের সদস্য যেসব দেশে থাকেন, শুধু ওই দেশে এই অর্থ পাঠাতে পারবে ব্যাংকগুলো। এ জন্য ‘নিট ইনকাম ফ্রম দ্য এমপ্লয়ার্স’ নামে ব্যাংক হিসাব খুলতে হবে। অর্থ পাঠাতে প্রবাসীদের কাজের অনুমোদনপত্র, আয়ের হিসাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন নথি ব্যাংকে জমা দিতে হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

