প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
Posted by: News Desk
December 11, 2017
এমএনএ রিপোর্ট : ‘ওয়ান প্লানেট সামিটে’ যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিসের এলিসি প্রাসাদে ১২ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সোমবার সকালে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
বিমানবন্দরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির দুবাই হয়ে চার্লস ডি গৌল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পৌঁছানোর কথা রয়েছে।
প্যারিসে নিযুক্ত বাংলদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ড (অপেরা) হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী লা সাইন মিউজিক্যালে ওয়ান প্লানেট সামিটের উচ্চ পর্যায়ের এক অধিবেশনে যোগ দেবেন। এরপর সামিট থেকে ফিরে প্রধানমন্ত্রী ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ডে (অপেরা) বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দেবেন।
সরকারি সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার সকালে এলিসি প্রাসাদে ফরাসি প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি সামিট উপলক্ষে আগত সরকার ও রাষ্ট্রপ্রধান, সহ আয়োজক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে একই স্থানে ফরাসি প্রেসিডেন্টের দেওয়া এক মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী আগামী বুধবার সন্ধ্যায় প্যারিস ত্যাগ করবেন এবং বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিং ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সামিট আহ্বান করেন। প্যারিস চুক্তির দুই বছর পর পৃথিবী নামক এই গ্রহের পরিবেশগত জরুরি সংকট মোকাবেলা নিয়ে আলোচনার উদ্দেশ্যে তারা আন্তর্জাতিক নেতৃবৃন্দ ও বিশ্বের প্রতিশ্রুতিবদ্ধ নাগরিকদের এই সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের অভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি অর্থায়ন কীভাবে কাজ করে তা নির্ধারণ এই সম্মেলনের মূল বিষয় হিসেবে তুলে ধরা হবে।
দুবাইয়ে দেড় ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় আজ সোমবার সন্ধ্যায় প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরের বিষয়ে গতকাল রবিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে আনুষ্ঠানিক দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বি-পাক্ষিক সহযোগিতা, নিয়মিত কূটনৈতিক আলোচনা অনুষ্ঠান, সমুদ্র অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতা এবং বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপণ সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
২০১৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের ২১তম অধিবেশনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়। ওই চুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওয়ান প্ল্যানেট সম্মেলনে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনে উদ্ভাবনী ও বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হবে। সম্মেলনের হাই লেভেল সেগমেন্টে প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ অংশগ্রহণ করবেন।
উদ্দেশ্যে ঢাকা প্রধানমন্ত্রী ছেড়েছেন প্যারিসের 2017-12-11