Don't Miss
Home / আজকের সংবাদ / প্রজ্ঞাপন জারির ৯০ দিন পর ডিএনসিসি নির্বাচন

প্রজ্ঞাপন জারির ৯০ দিন পর ডিএনসিসি নির্বাচন

এমএনএ রিপোর্ট : স্থানীয় সরকার মন্ত্রণালয় যেদিন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে তার ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুজনিত কারণে আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে। শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাই প্রজ্ঞাপন হাতে পেলে নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচন এখন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে অনুষ্ঠিত হবে। ডিএনসিসিতেও মেয়র পদে উপ-নির্বাচন প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ডিএনসিসির সঙ্গে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে এখনই কাউন্সিলর পদে নির্বাচন হবে কি না তা বলা যাচ্ছে না। কারণ বিষয়টি জটিল। ভোটার তালিকা হয়েছে। এখন সিডি নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এটি হলে কমিশনে উপস্থাপন করা হবে। পরে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
মেয়ের সন্তান জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনের ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিস্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকরা। একপর্যায়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গত ৩১ অক্টোবর তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে থেরাপি দেওয়ার জন্য তাকে অন্য একটি হাসপাতালেও নেয়া হয়। এরইমধ্যে গত ২৬ নভেম্বর তার অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর তার ফুসফুসও আক্রান্ত হয়। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আনিসুল হক।
গতকাল শনিবার তার মরদেহ বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হলে লাখো নগরবাসী তাকে শেষ শ্রদ্ধা জানায়। আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা জ্ঞাপন ও জানাজা শেষে বিকেল সোয়া ৫টায় বনানী কবরস্থানে তিনি মা ও ছোট সন্তানের পাশে চির নিদ্রায় শায়িত হন।
এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি, ব্যবসায়ী ও একসময়কার জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব আনিসুল হক ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ১৯৫২ সালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তবে তাঁর শৈশবের একটি বড় সময় কাটে ফেনীর সোনাগাজী উপজেলায় নানার বাড়িতে।
আশি ও নব্বইয়ের দশকে টিভি উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আনিসুল হক। তাঁর উপস্থাপনায় ‘আনন্দমেলা’ ও ‘অন্তরালে’ অনুষ্ঠান দুটি জনপ্রিয়তা পায়। তবে পরে টেলিভিশনের পর্দায় মানুষ তাঁকে বেশি দেখেছিল ব্যবসায়ী নেতা হিসেবেই। ২০০৫-০৬ সালে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি হন তিনি। ২০১০ থেকে ২০১২ সাল মেয়াদে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বও পালন করেন আনিসুল হক।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...