এমএনএ রিপোর্ট : জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য হয়ে গেছে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে জাতি ক্ষুদ্ধ ও হতাশ হয়েছে বলে মনে করে বিএনপি। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির আহবানকে প্রধানমন্ত্রীর এভাবে ‘নাকচের’ পরও ঐক্যের আশায় রয়েছে দলটি।
আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য সরকারের দাম্ভিকতা। আমরা আহ্বান জানিয়ে যাবো। গতকাল হয়নি আগামীকাল হবে।
তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐক্যের আহ্বান ছিল সময়োপযোগী ও রাষ্ট্রনায়োকচিত। তার বক্তব্যে জন আকাঙ্খা প্রতিফলিত হয়েছে। দলমত নির্বিশেষে সকলের আশা ছিল সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসবে। আইনশৃঙ্খলা
রক্ষাকারীবাহিনী দিয়ে এই সমস্যার সমাধান হবে না। প্রধানমন্ত্রী যে ঐক্যের কথা বলেছেন তা মহাজোটেরও ঐক্য নয়। আর বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধুমাত্র ক্ষমতাশীন ১৪ দলীয় ঐক্য প্রক্রিয়াকে কিভাবে তিনি জাতীয় ঐক্য বলেন।
ব্লেইম গেইম বাদ দিয়ে জাতিকে অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন নজরুল ইসলাম খান। সরকারে ভ্রান্ত নীতির কারণে উগ্রবাদ মাথাছাড়া দিয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।
গুলশান ও শোলাকিয়ার ঘটনার বিষয়ে আগেই অবগত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিএনপির পক্ষে প্রশ্ন তোলা হয়। তিনি বা তার সরকার আগে থেকেই তা প্রতিরোধের ব্যবস্থা করেননি কেন? এমন একটি মারাত্মক ষড়যন্ত্র সম্পর্কে জানা থাকা স্বত্ত্বেও যথাসময়ে উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা নিতে সরকারি ব্যর্থতার জন্য এতগুলো দেশি বিদেশি মানুষ যে অকালে নৃশংস হত্যাকান্ডের স্বীকার হলো তার দ্বায়ভার কে নেবে?
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

