Don't Miss
Home / জাতীয় / প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা গিয়ে ব্যাপক গণসংবর্ধনায় সিক্ত তারেক

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা গিয়ে ব্যাপক গণসংবর্ধনায় সিক্ত তারেক

কুমিল্লা প্রতিনিধি

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে গিয়ে ব্যাপক গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে হাজারো মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকা অতিক্রম করলে সেখানে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। পরে বেলা ১১টা ৪৫ মিনিটে গাড়িবহর নিমসার এলাকায় পৌঁছায় এবং দুপুর সোয়া ১২টার দিকে আলেখাচর বিশ্বরোড অতিক্রম করে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দাউদকান্দি টোল প্লাজা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও রাস্তার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান।

চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলায় আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে স্থানীয় বিএনপি নেতারা সরকারের উন্নয়ন পরিকল্পনা, খাল পুনঃখনন প্রকল্প এবং জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এছাড়া চাঁদপুরে পৌঁছে তিনি দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।

দাউদকান্দি এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। তার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন।

এদিকে ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর সমর্থকেরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। নিমসার বাজার এলাকায় হাজি জসিম উদ্দিন এমপির সমর্থকদেরও সরব উপস্থিতি দেখা যায়।

আলেখাচর থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর অনুসারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। একইভাবে বিজরা থেকে সভাস্থল পর্যন্ত কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম-এর নেতৃত্বেও ব্যাপক জনসমাগম দেখা যায়।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কুমিল্লা ও চাঁদপুরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আজ কুমিল্লা ও চাঁদপুরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।”

x

Check Also

কম দামের সিগারেটের ফাঁদে বাংলাদেশ: রাজস্বের চেয়ে দ্বিগুণ ক্ষতি, বাড়ছে তরুণ ধূমপায়ী

বিশেষ প্রতিবেদক রাজধানীর কারওয়ান বাজারের একটি ছোট দোকানে ১০ টাকার সিগারেট কিনছিলেন এক কলেজপড়ুয়া তরুণ। ...