প্রসিকিউটর তুরিন আফরোজকে অব্যাহতি
Posted by: News Desk
May 10, 2018
এমএনএ রিপোর্ট : পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রসিকিউটর ড. তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব মামলার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, যুদ্ধাপরাধ মামলার আসামি ওয়াহিদুল হকের সঙ্গে তুরিন আফরোজের গোপন বৈঠক সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য-উপাত্ত আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেহেতু আইন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে থাকে, তারাই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে ওয়াহিদুল হকের মামলার টিমের সদস্য হিসেবে অপর প্রসিকিউটর তাপস কান্তি বলকে শুধু এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগের চিঠি পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, প্রসিকিউটর তুরিন একজন যুদ্ধাপরাধীর সঙ্গে আঁতাত করেছেন বলে অভিযোগ উঠেছে। এটা যদি সত্যি হয়, তবে মন্ত্রণালয় অবশ্যই পদক্ষেপ নেবে।
ড. তুরিন আফরোজ গণমাধ্যমকে বলেন, ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনা থেকে অব্যাহতি দিয়ে আমাকে চিঠি দেওয়া হয়েছে। যেহেতু এ বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত চলছে, তাই এ মুহূর্তে আর মন্তব্য করব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাস দিয়েছি সেটাই আমার অফিসিয়াল বক্তব্য।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুরিন আফরোজ বলেন, আমার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। আমি এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে বহাল আছি। আমাকে কেউ বরখাস্ত করেনি।
প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, ৭ মে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু প্রসিকিউটর তুরিন আফরোজকে সংশ্লিষ্ট ওয়াহিদুল হকের মামলা থেকে অব্যাহতি দেন। পরদিন তাকে প্রসিকিউশনের সব দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেন। চিফ প্রসিকিউটরের দুটি চিঠি এবং তার (তুরিন আফরোজ) সঙ্গে আসামির কথোপকথনের (গত বছর ১৮ ও ১৯ নভেম্বর) সিডিসহ যাবতীয় নথি গতকাল বুধবার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
যুদ্ধাপরাধের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হককে ২৪ এপ্রিল রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার ওয়াহিদুল হককে ট্রাইব্যুনালে হাজিরার দিন ধার্য রয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর প্রসিকিউটর তুরিন আফরোজকে আসামি ওয়াহিদুল হকের বিরুদ্ধে করা মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এরপর তুরিন আফরোজ ফোনে আসামির সঙ্গে যোগাযোগ করে বোরকা পরে একটি হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ রয়েছে বলে তাকে জানান। পরে বিষয়টি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নজরে এলে প্রসিকিউটর তুরিনকে এ মামলা থেকে অব্যাহতি দেন চিফ প্রসিকিউটর। পাশাপাশি এ ঘটনার তদন্ত শুরু হয়।
পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে এর আগে ২০১৪ সালের আগস্টে প্রসিকিউটর একেএম সাইফুল ইসলামকে অপসারণ করা হয়। এ ছাড়া প্রসিকিউটর মোহাম্মদ আলীকেও মামলা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি তুরিন প্রসিকিউটর আফরোজকে 2018-05-10