Don't Miss
Home / আজকের সংবাদ / প্রস্তুতি ম্যাচে ২৫৫ রানে থামল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে ২৫৫ রানে থামল বাংলাদেশ

এমএনএ স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজের আগে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ২৫৫ রানে থামল বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং নিয়ে ৪৮.১ ওভারে ২৫৫ রানে অলআউট হয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিংটা ভালো হয়নি সৌম্য সরকার, লিটন দাস ও নাসির হোসেনের। খুব একটা সুবিধা করতে পারেননি মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদও। তবে সাকিব আল হাসান এবং সাব্বির রহমানের দারুণ ফিফটিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশকে ২৫৬ রানের মাঝারি মানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে সাকিব এবং সাব্বিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৮.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২৫৫ রান সংগ্রহ করে টাইগাররা।
বাংলাদেশের হয়ে সাকিব ৬৭ বলে ৯টি চারের সাহায্যে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন। সাব্বির ৫৪ বলে দুটি চার ও তিনটি ছক্কায় করেন ৫২ রান। এছাড়া ইমরুল কায়েস ২৭, মুশফিক ২২ এবং মাহমুদউল্লাহ করেন ২১ রান। শেষদিকে মাশরাফি ১৭ এবং মোহাম্মদ সাইফুদ্দিন করেন ১৩ রান। সৌম্য ৩ এবং লিটন দাস ৮ রান করে আউট হন।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের হয়ে দুটি করে উইকেট নেন এমবুলেলো বুডাজা, বি ফ্রাইলিংক, অ্যারন ফাঙ্গিসো ও মালুসি সিবোটো। উইয়ান মালডার ও বেরান হেন্ডরিক্স নেন একটি করে উইকেট।
সাবধানী শুরুর পর দলীয় ৩১ রানের মাথায় পরপর দুই বলে ফিরে যান বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস। খুব একটা সুবিধা করতে পারেননি লিটন দাস ও মুশফিকুর রহীম। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে বেশ নাজকু পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশ।
বিপদের মুখে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব। এরপর সাব্বিরকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৭৬ রানের আরেকটি দারুণ জুটি গড়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান টেস্ট সিরিজে বিশ্রামে থাকা সাকিব।
২১৯ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাব্বির ফিরে গেলে বেশ বিপদে পড়ে যায় বাংলাদেশ। তবে শেষদিকে মাশরাফি ও সাইফুদ্দিনের ছোট অথচ কার্যকরী ইনিংসের সুবাদে ২৫০ রানের কোটা পার করে সফরকারীরা।
আগামী ১৫ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ১৮ ও ২২ তারিখে মাঠে গড়াবে বাকি দুটি ম্যাচ। ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এর আগে টেস্ট সিরিজি ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন ও মুমিনুল হক।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ :
জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথু ব্রিজটেক, এমবুলেলো বুডাজা, অ্যারন ফাঙ্গিসো, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিংক, বেরান হেন্ডরিক্স, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মালডার, মালুসি সিবোটো, খায়া জন্ডো।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ : ৪৮.১ ওভারে ২৫৫ (ইমরুল ২৭, সৌম্য ৩, লিটন ৮, মুশফিক ২২, সাকিব ৬৮, মাহমুদউল্লাহ ২১, সাব্বির ৫২, নাসির ১২, সাইফ ১৩, মাশরাফি ১৭, মুস্তাফিজ ০*; হেনড্রিকস ১/৪০, ফ্রেইলিঙ্ক ২/২৫, সিবোতো ২/৪৯, বুদাজা ২/৪১, দুমিনি ০/২৬, মাল্ডার ১/২৫)
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...