এমএনএ রিপোর্ট : হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে বন্দী ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান কারা কর্তৃপক্ষের মাধ্যমে আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রাণভিক্ষার আবেদন করেন।
কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপার জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুফতি হান্নান লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন। তবে তাঁর সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুল এখন পর্যন্ত প্রাণভিক্ষা চাননি। তাঁর কাগজপত্র তৈরি করতে কিছু বিলম্ব হচ্ছে। তবে তিনিও লিখিতভাবে প্রাণভিক্ষা চাইবেন।
জেলসুপার মিজানুর জানান, রিভিউ খারিজের অনুলিপি ২১ মার্চ মধ্যরাতে কারাগারে আসে, পরদিন গত ২২ মার্চ রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয় ওই দুই জঙ্গি নেতাকে। সিলেট কারাগার থেকে আসা মৃত্যু পরোয়ানাও পড়ে শোনানো হয় তাদের। ওই দিন দুপুরে কারা কর্তৃপক্ষ জানতে চাইলে তাঁরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার চাইবেন বলে জানান।
মুফতি হান্নানের সহযোগী একই কারাগারে বন্দি শরীফ শাহেদুল বিপুলও প্রাণভিক্ষা চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান কারা কর্মকর্তা।
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল খারিজের পর রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন মুফতি হান্নান। গত রবিবার সেই রিভিউ আবেদন খারিজের পরই তার দণ্ড কার্যকরের প্রস্তুতি শুরু হয়।
কারাবিধি অনুযায়ী, তার সাত দিনের মধ্যে প্রাণভিক্ষার আবেদন করতে হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই হান্নানের আবেদন পাওয়ার কথা জানাল কারা কর্তৃপক্ষ।
এই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য আসামি দেলোয়ার হোসেন রিপন সিলেট জেলা কারাগারে রয়েছেন। তিনিও রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে প্রাণভিক্ষার আবেদন করেছেন।
২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়। তাতে হাই কমিশনার বেঁচে গেলেও নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন।
সিলেটের আদালত ২০০৮ সালের ২৩ ডিসেম্বর দেওয়া রায়ে ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনের মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
প্রায় সাত বছর পর গত বছরের ৬ জানুয়ারি এ মামলায় আসামিদের আপিল ও ডেথরেফারেন্সের শুনানি শুরু হয়। বিচারিক আদালতের দণ্ড বহাল রেখে ১১ ফেব্রুয়ারি রায় হাই কোর্ট। গত বছরের ২৮ এপ্রিল হাই কোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।
তার বিরুদ্ধে মুফতি হান্নানদের আপিল গত বছরের ৭ ডিসেম্বর খারিজ হয়ে যায়। এরপর গত ১৭ জানুয়ারি আসামিরা রিভিউ আবেদন করেছিলেন।
হরকাতুল জিহাদ আল ইসলামীর শীর্ষনেতা মুফতি হান্নান বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডের শুরুর দিকের হোতা হিসেবেই পরিচিত। গোপালগঞ্জের মুফতি হান্নানের বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার একাধিক মামলাও বিচারাধীন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
