Don't Miss
Home / আজকের সংবাদ / ফরহাদ মজহারকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ফরহাদ মজহারকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

এমএনএ রিপোর্ট : কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে অপহরণ ঘটনায় ফের তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর আগে সকালে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন গণমাধ্যমকে জানান, অপহরণ ঘটনায় দেয়া তার জবানবন্দির বক্তব্য সঠিক কি না- তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চলছে।

এসময় তিনি আরও জানান, তথ্য দিয়ে পুলিশকে কেউ বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ১৩ জুলাই এক প্রেস ব্রিফিংয়ে তথ্য উপাত্তের ভিত্তিতে ফরহাদ মজহার নিখোঁজের ঘটনাকে নাটক মনে হয় বলে মন্তব্য করেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক।

৩ জুলাই ভোরে কে বা কারা ফরহাদ মজহারকে রাজধানীর শ্যামলীর হক গার্ডেনের বাসার সামনে থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে পরিবার। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে।

ফরহাদ মজহার কোথায় ছিলেন, কীভাবে উদ্ধার হলেন, এ নিয়ে এখন পর্যন্ত ধূম্রজাল চলছে। সর্বশেষ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এক নারীকে ঢাকায় এনে জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করে পুলিশ। জবানবন্দিতে ওই নারী বলেছেন, তাঁর জন্য ‘টাকা সংগ্রহ’ করতে ওই দিন ফরহাদ মজহার বাসা থেকে বেরিয়েছিলেন।

তবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার। তাঁর অভিযোগ, অপহরণের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য এটা করা হতে পারে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...