বন্ধুদের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করানোর অভিযোগ
Posted by: News Desk
April 19, 2018
এমএনএ জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় বন্ধুদের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করানোর অভিযোগ উঠেছে। পাষন্ড স্বামীর সহযোগিতায় গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধু (২০)। অসুস্থ অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধু নিজেই বাদি হয়ে গণধর্ষণের অভিযোগে স্বামী জুয়েল রানা ও তার চার বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত জুয়েল রানাকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জনপাড়া গ্রামের আয়েন উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, অর্জুনপাড়া গ্রামের আয়েন উদ্দিনের ছেলে জুয়েল রানা ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। প্রায় ৮ মাস আগে একই কারখানায় কর্মরত এক তরুণীর সঙ্গে জুয়েল রানার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে জুয়েল রানা ওই তরুণীকে বিয়ে করে গ্রামে চলে আসেন।
এরপর জুয়েল তার স্ত্রীকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী কয়েকজন প্রতিবেশিকে বিষয়টি জানিয়ে তাদের সহযোগিতা চান। এতে জুয়েল রানা ক্ষিপ্ত হয়ে উঠেন।
পরে গত মঙ্গলবার দিবাগত রাতে জুয়েল তার ৪জন বন্ধুকে স্ত্রীর ঘরে ঢুকিয়ে দিয়ে রাতভর ধর্ষণ করান। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় গ্রাম্য চিকিৎসক দিয়ে তাকে সুস্থ্য করার চেষ্টা করেন জুয়েল। কিন্তু স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে গতকাল বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গুহবধূকে উদ্ধার করে প্রথমে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে জুয়েল রানাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদি হয়ে স্বামী ও তার ৪ সহযোগিকে আসামি করে আজ বৃহস্পতিবার ধর্ষণ মামলা দায়ের করেছেন। সেই মামলায় জুয়েল রানাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ গণধর্ষণ করানোর বন্ধুদের স্ত্রীকে 2018-04-19