Don't Miss
Home / আজকের সংবাদ / বরিশাল ও বরগুনার ডিসিকে সরানো হলো

বরিশাল ও বরগুনার ডিসিকে সরানো হলো

এমএনএ রিপোর্ট : ইউএনও গাজী তারিক সালমনের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জেরে বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকে সরানো হয়েছে।

আজ সোমবার ওই দুই ডিসিকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাহারের কার্যক্রম গতকাল থেকেই চলছিল। আজ প্রধানমন্ত্রী প্রস্তাবে সায় দেয়ায় তাদের প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তারিক সালমনকে হয়রানির ঘটনায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি এই দুই জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি উঠেছিল।

দুই জেলা প্রশাসককে প্রত্যাহারের প্রজ্ঞাপন সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, দায়িত্বে অবহেলা করায় বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। এর আগে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের প্রতি আইনি কোনো ব্যত্যয় হয়েছে কি না, সেটা খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত একজন সচিবের নেতৃত্ব পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন করে প্রতিনিধি। আগামী ১৫ দিনের মধ্য কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

তিনি আরও জানান, জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শফিউল আলম বলেন, গাফিলতি আছে কি না, সেটা দেখা হচ্ছে। বিষয়টি প্রমাণিত হলে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

ওই ছবির ঘটনায় বরগুনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরিশাল বিভাগীয় কমিশনার (তৎকালীন) যে পত্র দিয়েছিলেন, সেটি খারিজ করে দেওয়া হয়েছে। তারিক সালমনের বিরুদ্ধে কোনো দোষ না পাওয়ায় সেটি খারিজ করে নথিজাত করা হয় বলে জানান মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম।

স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে শিশুদের আঁকা ছবি ছাপানোর ঘটনা নিয়ে আদালতের আগে গত এপ্রিলে প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তা বরিশালের তৎকালীন বিভাগীয় কমিশনার মো. গাউস এবং বর্তমান জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান গাজী তারিক সালমনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছিলেন। প্রথমে তারিক সালমনকে কারণ দর্শানোর নোটিশ দেন বরিশালের জেলা প্রশাসক। তারিক নোটিশের জবাবও দেন। পরে এই জবাব পাঠানো হয় বিভাগীয় কমিশনারের কাছে। কিন্তু বিভাগীয় কমিশনার নোটিশ সন্তোষজনক নয় মর্মে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠান।

পরবর্তীতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ‘বিকৃত ছবি’ ছাপানোর অভিযোগ এনে গত ৭ জুন আগৈলঝাড়ার সাবেক ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক (বর্তমানে সাময়িক বহিষ্কৃত) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু। বরিশাল সিএমএম আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করে ২৭ জুলাইয়ের মধ্যে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

গত বুধবার দুপুরে ওই মামলায় বরিশাল সিএমএম আদালত থেকে জামিন পান বর্তমানে বরগুনার ইউএনও তারিক সালমন। এর আগে একই আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল।

এদিকে, ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে করা মানহানির মামলাটি গতকাল রবিবার প্রত্যাহার করেছেন বাদী ওবায়েদুল্লাহ সাজু। এর আগে গত শুক্রবার সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কার করে আওয়ামী লীগ।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...