Don't Miss
Home / আজকের সংবাদ / আ’লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইসহাক মিয়ার মৃত্যু

আ’লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইসহাক মিয়ার মৃত্যু

এমএনএ রিপোর্ট : আ’লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ইসহাক মিয়া আর নেই। আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। ইসহাক মিয়ার মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসহাক মিয়ার মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি তিন ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই সহযোগী হৃদরোগের সমস্যা নিয়ে গত শনিবার রাতে ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে নানা জটিল ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন সাংবাদিকদের জানান, হৃদরোগের সমস্যা নিয়ে শনিবার রাতে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইসহাক মিয়া। আজ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মারা যান।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

রাজনীতির পথচলায় ইসহাক মিয়া ১৯৭০ এর নির্বাচনে গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এ ছাড়া চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন।

আওয়ামী লীগের হয়ে চট্টগ্রামে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইসহাক মিয়া। দীর্ঘ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সকালে মৃত্যুর পর তার মরদেহ নগরীর আগ্রাবাদের হাজী পাড়ায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে যান।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...