বাংলাদেশিদের সন্ধানে নেপালে শোকাহত স্বজনরা
Posted by: News Desk
March 13, 2018
এমএনএ রিপোর্ট : অশ্রুসিক্ত চোখ ও বুকে আশঙ্কা নিয়ে গতকাল বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার একটি বিমানে হতাহত বাংলাদেশিদের সন্ধানে শোকাহত স্বজনরা ইতিমধ্যে নেপালে পৌঁছেছেন। ইউএস-বাংলার বিমানটিতে করে ৪৬ স্বজন ও ইউএস-বাংলার সাত কর্মকর্তা নেপালের কাঠমান্ডুতে যান ।
আজ মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে তাদের বহনকারী ইউএস-বাংলার বিমানটি ঢাকা ছেড়ে যায় বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রতি পরিবার থেকে একজনকে নেপালে নেয়া হয়েছে।
এর আগে বিমানবন্দরে হতভাগ্য কয়েকজন স্বজনের সঙ্গে কথা হয়। তাদের একজন শাওন। তিনি বলেন, বাবা কবির হোসেন সহযোগী দুই ব্যবসায়ীকে নিয়ে ওই ফ্লাইটে কাঠমান্ডু গেছেন। বাবার মোবাইল ফোন থেকে আমাকে ফোন দিয়ে জানানো হয়, তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন। ওই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বারিধারার অফিসে আসি। শাওনের বাসা উত্তরার উত্তরখান এলাকায়।
রাজধানীর দক্ষিণখান এলাকার উম্মে সালমা। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ হিসেবে কর্মরত। তিন দিনের সরকারি সেমিনারে গতকাল সোমবার ইউএস-বাংলার বিমানে কাঠমান্ডু যান তিনি। এর পরই আসে বিমান দুর্ঘটনার খবর। সঙ্গে সঙ্গে রাজধানীর বারিধারার ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসে ছুটে আসেন তার বড় ভাই আবুল কালাম আজাদ।
এ ছাড়া অনেকেই তারা কথা বলার অবস্থায় নেই। ঘটনার আকস্মিকতায় বিভ্রান্ত মুখে ঘুরছেন বিমানবন্দরে।
গতকাল সোমবার বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ৯ বাংলাদেশিসহ ২২ জন।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে ২টা ২০ মিনিটে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইউএস বাংলার একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানটিতে এসময় ৭১ জন আরোহী ছিল।
বিধ্বস্ত প্লেনটি বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের এস২-এজিইউ। বাইরে পাখাবিশিষ্ট এ ধরনের প্লেনে সর্বোচ্চ ৭৮টি আসন থাকে।
সন্ধানে বাংলাদেশিদের শোকাহত নেপালে স্বজনরা 2018-03-13