এমএনএ খেলাধুলা ডেস্ক : লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের জাতীয়তা পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে।মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) আসন্ন সাফের জন্য ঘোষণা হবে দল। সব ঠিক থাকলে সেখানে জায়গা পেতে যাচ্ছেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে খেলতে উন্মুখ হয়ে আছেন। সুযোগ পেলে দেশের জন্য ট্রফি জিততে চান।সময় টিভিকে এলিটা কিংসলে বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলতে আপাতত আর কোনো বাধা নেই। কিছু কাগজপত্র বাকি আছে। এটা পেলেই আমি খেলতে যেতে পারব।’নাইজেরিয়ান এই ফুটবলার বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলতে আমার আর তর সইছে না। আমি খুবই এক্সাইটেড। একে তো জাতীয় দলের হয়ে খেলা, তাও আবার সাফের মঞ্চে। এখানে অভিষেকের জন্য মুখিয়ে আছি।’
কিংসলে বলেন, ‘জামাল-তপুরা জাতীয় দলের হয়ে দারুণ খেলছে। আমি যোগ দিলে শক্তি আরও বাড়বে। আর চেষ্টা করব দলের হয়ে ভালো কিছু করতে।’এদিকে বিপিএলের টানা দুইবার ট্রফি উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংসের তপু বর্মন-জিকোরা। তবে আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগের শেষটা জয়ে রাঙাতে পারেনি কিংসরা। লিগে নিজেদের সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড গড়টাকে দলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন কোচ অস্কার ব্রুজন।
চার ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। গেল ৯ আগস্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার লিগ জেতার উৎসব করেছিল কিংসরা। প্রায় দেড় মাস পর ট্রফি নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার উদযাপন করল অস্কার ব্রুজনের দল।যদিও লিগের শেষটা জয়ে রাঙাতে পারেনি কিংসরা। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়নরা। তবে এই ড্রও ছিল কিংসের জন্য সৌভাগ্যের। কারণ, অধিনায়ক তপু বর্মনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল বসুন্ধরা। সেই তপু বর্মনের গোলেই আবার ফেরে সমতায়।বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘বিপিএলে নিজের অধিনায়কত্বে দুটো শিরোপা জিততে পেরেছি। এর কৃতিত্ব দলের সব খেলোয়াড়কে দিব। সবার প্রচেষ্টাতেই এ সাফল্য এসেছে।’
এদিকে করোনার মাঝেও চ্যালেঞ্জ থাকলেও, আসরের সেরা দেশীয় খেলায়াড়ের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত কিংস গোলকিপার জিকো। আনিসুর রহমান জিকো বলেন, গোলকিপার হিসেবে বেস্ট প্লেয়ার হওয়া অনেক কঠিন। এ অর্জন আগামী দিনে আমার জন্য অনেক কাজে দিবে।২৪ ম্যাচে ২১ জয়, দুই ড্র এবং এক হার। ৬৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের জালে ৬০ গোল দিয়ে হজম করেছে ১০টি। তারপরও লিগে নিজেদের সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড গড়টাকে দলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন কোচ অস্কার ব্রুজন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

