Don't Miss
Home / আজকের সংবাদ / বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের এক বছর পূর্ণ হবার একদিন আগে মৃত্যু ও শনাক্ত আগের দিনের তুলনায় বেড়েছে

বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের এক বছর পূর্ণ হবার একদিন আগে মৃত্যু ও শনাক্ত আগের দিনের তুলনায় বেড়েছে

এমএনএ সংবাদ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের এক বছর পূর্ণ হবার একদিন আগে মৃত্যু ও শনাক্ত আগের দিনের তুলনায় বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৬০৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দেশে সংক্রমণ শনাক্তের এক বছরের মাথায় আজ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়াল।

এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ৮ হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে। আর মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩ হাজার ৩ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৩০ শতাংশ।

দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তবে তিন সপ্তাহ ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী।

করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

x

Check Also

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ...