Don't Miss
Home / আজকের সংবাদ / বিএনপি অবৈধ হয়ে যেতে পারে : হাছান মাহমুদ

বিএনপি অবৈধ হয়ে যেতে পারে : হাছান মাহমুদ

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পঞ্চম সংশোধনীর রায়ের একটি প্যারা অনুযায়ী বিএনপি অবৈধ হয়ে যেতে পারে। তাই ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিএনপির খুশি হওয়া কিংবা লাফালাফির কিছু নেই।

আজ বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘২০০৫ সালের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের ৩৫৪ প্যারা অনুযায়ী বিএনপি অবৈধ হয়ে যেতে পারে। কেননা সেখানে বলা হয়েছে, সামরিক সরকারের সব কার্যক্রমই অবৈধ। সুতরাং ওই রায় অনুযায়ী বিএনপিও অবৈধ হতে পারে। তাই ষোড়শ সংশোধনীর রায় নিয়ে এত লাফালাফি না করে পঞ্চম সংশোধনীর রায় পড়ে দেখে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য বিএনপিকে অনুরোধ জানাবো।’

তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রায়ে আদালত জিয়াউর রহমানের সময়ে করা সামরিক আইনের সমালোচনা করেছেন। বিএনপি সেগুলো নিয়ে কথা বলে না কেন?

তিনি বলেন, “এদেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দিলে অনেকেই ‘এই রায় মানি না’ বলে জ্বালাও-পোড়াও করেছে। আর আদালতের অন্য রায় নিয়ে সমালোচনা হতে পারলে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়েও সমালোচনা হতেই পারে। তাই ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপিসহ অনেকে সমালোচনা করতেই পারে। কিন্তু বিএনপির এতে লাফালাফির কী আছে?”

‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে বসে চক্রান্ত করছেন’— সরকার এমন অভিযোগ কীসের ভিত্তিতে করছে— এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়া কোন হোটেলে বসেন, কার সঙ্গে বসেন, তারপর কয়টা বাজে তিনি তাঁর ছেলের বাসায় ফেরত যান; এ সবই সরকারের কাছে আছে। যখনই প্রয়োজন পড়বে, তখনই প্রয়োজনীয় তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে।

‘সাংবাদিকদের ওয়েজবোর্ডের প্রয়োজন নেই’- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্যের মধ্য দিয়ে সরকার কী সাংবাদিকদের প্রতিপক্ষ হয়ে গেল কি-না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার গণমাধ্যমবান্ধব সরকার। অর্থমন্ত্রী যেটি বলেছেন, সেটি তার ব্যক্তিগত মত। এটি সরকার কিংবা দলের বক্তব্য নয়।

বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে প্রচার উপ-কমিটির সদস্য সচিব হাছান মাহমুদ জানান, আগামী সেপ্টেম্বরে সরকারের উন্নয়ন-সফলতা ও দেশের জন্য আওয়ামী লীগের অবদান নিয়ে নয়টি সেমিনার হবে। আর ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনে তার অর্জন, কর্মময় জীবন এবং আন্দোলন-সংগ্রামের ওপর আরও একটি সেমিনার ও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

বৈঠকে আগামী নির্বাচন সামনে রেখে দলের প্রচার সেলের উদ্যোগে সরকারের উন্নয়ন-সফলতা এবং প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার জীবন-সংগ্রামের ওপর সেপ্টেম্বর মাসজুড়ে ১০টি সিরিজ সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে বিএনপি-জামায়াতপন্থীদের সরকারের বিরুদ্ধে বিরূপ প্রচারণা মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা হয়। ডিজিটাল পদ্ধতিতে এসব অপ্রপচারের জবাব ও সরকারের উন্নয়ন-সফলতা প্রচারে ছয় সদস্যের একটি উপ-কমিটিও গঠন করা হয়।

আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব (এপিএস) আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...