এমএনএ রিপোর্ট : ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে সিসি ক্যামেরা বসাবে আইনশৃঙ্খলা বাহিনী। এমন তথ্যই দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস। তবে ক্যামেরা বসিয়ে ক্ষমতাসীনরা নেতাকর্মীদের কার্যক্রম মনিটরিং করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করছেন তিনি।
তিনি বলেছেন, ‘জোর করে ক্যামেরা লাগানোর অর্থই হলো, আপনারা (বিএনপির নেতাকর্মী) আর অফিসে আসবেন না।’
মির্জা আব্বাস বলেন, গত মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য আসেন। এসে বলে গেছেন, কার্যালয়ে ক্যামেরা (সিসি ক্যামেরা) লাগানো হবে। এটা শুনে ভাবলাম, সরকার কি বিএনপির ওপর এতই সদয়
হলো? এখন প্রশ্ন দেখা দিয়েছে, কেন এই ক্যামেরা লাগানো হবে? এটি কি আমাদের নিরাপত্তার জন্য নাকি আমাদের কার্যক্রম মনিটর করার জন্য?
গত ১ জুলাই গুলশানের রেস্টুরেন্ট এবং ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী হামলার পর সারা দেশেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া গুলশান কূটনীতিক পাড়ার মতো স্পর্শকাতর এলাকায় হামলা করে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দলটি। এই এলাকাতেই তার বাসভবন এবং রাজনৈতিক কার্যালয়। বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার নিরাপত্তাও চাওয়া হয়েছে।
বিএনপির মহানগর কার্যালয়ে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ প্রসঙ্গে মির্জা আব্বাস আরো বলেন,‘ঘটনা যাই ঘটুক, এ পদক্ষেপ ব্যক্তি স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। আমাদের কার্যালয়ে ক্যামেরা লাগবে কি লাগবে না, সেটা আমাদের দায়িত্বের ব্যাপার। খুব বেশি হলে সরকার এ ব্যাপারে আমাদেরকে একটা উপদেশ দিতে পারে। আমরা নিজের পয়সায় ক্যামেরা লাগিয়ে নেব অথবা সরকারকে বলব, এ ব্যাপারে সহযোগিতা করুন। কিন্তু জোর করে ক্যামেরা লাগানোর অর্থই হলো, আপনারা (বিএনপির নেতাকর্মী) আর অফিসে আসবেন না।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

