Don't Miss
Home / শিক্ষাঙ্গন / বিতরণকৃত পাঠ্যপুস্তকে মুদ্রণ ত্রুটির অভিযোগ

বিতরণকৃত পাঠ্যপুস্তকে মুদ্রণ ত্রুটির অভিযোগ

এমএনএ রিপোর্ট : রাজশাহীতে বিতরণকৃত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যের বইয়ে বাঁধাই সমস্যা, সাদা পৃষ্ঠা, একই পৃষ্ঠা বার বার হওয়া, পৃষ্ঠা বাদ পড়া, ছাপার সমস্যাসহ নানা মুদ্রণ ত্রুটির অভিযোগ পাওয়া গেছে। ত্রুটি থাকায় শিক্ষার্থীদের অনেকেই ফেরত দিচ্ছে বই।
গত সোম, মঙ্গল ও আজ বুধবার নগরীর বিভিন্ন স্কুলগুলো ঘুরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে বইয়ে ত্রুটির সত্যতা পাওয়া গেছে।
তবে কর্মকর্তারা বলছেন, দুই একজনের বইয়ে এরকম মুদ্রণজনিত ত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে বিদ্যালয় প্রধানকে জানালে ত্রুটিপূর্ণ বই পরিবর্তন করে দেওয়া হবে।
বই ঘেঁটে দেখা গেছে, সপ্তম শ্রেণির অনেক শিক্ষার্থীর বিজ্ঞান বইয়ের ৮২-৮৩, ৮৬-৮৭, ৯০-৯১ ও ৯৪-৯৫নং পৃষ্ঠা সম্পূর্ণ ফাঁকা (সাদা)। এছাড়া অসংখ্য পৃষ্ঠার ছাপা অত্যন্ত নিম্নমানের (অস্পষ্ট); ষষ্ঠ শ্রেণির অনেক শিক্ষার্থীর ইংরেজি বইয়ের ১০১ পৃষ্ঠা থেকে ১০৮ পর্যন্ত পৃষ্ঠা নেই। গণিত বইয়ের পৃষ্ঠা এলোমেলো, পৃষ্ঠা আছে অথচ কোনো লেখা নেই এ রকম নানা মুদ্রণ ত্রুটি। পঞ্চম শ্রেণির ধর্ম বইয়ের ১৩২ থেকে ১৩৬ পর্যন্ত পৃষ্ঠা নেই। অনেকের গণিত বইয়ের উত্তরামালা নেই। বাংলা বইয়ে একই পৃষ্ঠা বার বার দেওয়া হয়েছে। বাদ পড়েছে অনেক পৃষ্ঠাও।
তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী বলেন, দুই একজনের বইয়ে মুদ্রণ ত্রুটি থাকতেই পারে। তার মানে এই নয় যে, সব বইয়ে মুদ্রণ ত্রুটি রয়েছে। আমরা পুরো একটা লটের বই বের করে দেখেছি, কোনো ধরনের মুদ্রণ ত্রুটি পাওয়া যায়নি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আবুল খায়ের জানান, গত তিনদিন নগরীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেছি। কেউ এমন অভিযোগ করেনি। কোনো শিক্ষার্থীর বইয়ে এমন সমস্যা দেখা দিলে প্রধান শিক্ষকের কাছে গিয়ে বই পরিবর্তন করে নেওয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, গত সোমবার রাজশাহী বিভাগের ৮ জেলায় প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, ভোকেশনালসহ সব মিলিয়ে ১৯ হাজার ৭১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ লাখ ৯২ হাজার ৫১৫ শিক্ষার্থীকে ৪ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৩৫৯ বই দেওয়া হয়েছে।
এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ১৫ হাজার ২৯৯টি স্কুলের ২৪ লাখ ৫৫ হাজার ৫২৮ শিক্ষার্থীকে ১ কোটি ১৫ লাখ ৫৩৯টি এবং মাধ্যমিক পর্যায়ে ৩ হাজার ৯১৫ টি স্কুলের ২২ লাখ ৩৬ হাজার ৯৮৭ শিক্ষাথীকে ২ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার ৮২০টি বই দেওয়া হয়েছে।
x

Check Also

মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য: মির্জাপুরে শিক্ষা কর্মকর্তা বিতর্কে, পদত্যাগী অধ্যক্ষের বিরুদ্ধে ২০১৭ সাল থেকে অবৈধ বেতন উত্তোলনের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি নিয়োগ সংক্রান্ত কাগজপত্র জাল-জালিয়াতি করে ও মিথ্যা তথ্য দিয়ে এমপিওভূক্ত হয়ে ২০১৭ সাল ...