Don't Miss
Home / আজকের সংবাদ / বিদ্যুতের দাম আবারও বাড়ল ৫.৩ শতাংশ

বিদ্যুতের দাম আবারও বাড়ল ৫.৩ শতাংশ

এমএনএ রিপোর্ট : বিদ্যুতের দাম আবারও বাড়ল। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫.৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ডিসেম্বর থেকে নতুন এ হার কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসিতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
তবে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম এবারে বাড়ছে না। সরকারের ৩৬০০ কোটি টাকা ভর্তুকি দেয়ার সিদ্ধান্তের কারণে এ পর্যায়ে দাম বাড়ছে না।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১ মার্চ থেকে এ নিয়ে আটবার বিদ্যুতের দাম বাড়ানো হলো।
সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়িয়েছিল সরকার। তাতে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়ে ২০ টাকা; ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে খরচ বাড়ে কমপক্ষে ৩০ টাকা।
চলতি বছরের মার্চে বিভিন্ন পর্যায়ে গ‌্যাসের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। এরপর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বাড়ায় বিদ্যুতের দামও সমন্বয় করা প্রয়োজন।
গত সেপ্টেম্বরে বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করে গণশুনানির আয়োজন করে বিইআরসি। সেখানে পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় ১৫ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৬ থেকে সাড়ে ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব আসে।
ডিপিডিসি গ্রাহক পর্যায়ে ৬ দশমিক ২৪ শতাংশ, ডেসকো ৬ দশমিক ৩৪ শতাংশ, ওজোপাডিকো ১০ দশমিক ৩৬ শতাংশ, আরইবি ১০ দশমিক ৭৫ শতাংশ এবং পিডিবি ১৪ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয়। নিয়ম অনুযায়ী, গণশুনানি করার পর ৯০ কার্যদিবসের মধ্যে কমিশনের সিদ্ধান্ত জানাতে হয়।
বিইআরসির সংবাদ সম্মেলনে বলা হয়, খুচরা পর্যায়ে গড়ে ৫ দশমিক ৩ শতাংশ দাম বাড়ানো হলেও বিদ্যুতের ন্যূনতম চার্জ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে মাসে ৫০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন এমন প্রায় ৩০ লাখ গ্রাহকের (মোট গ্রাহকের ১৩ শতাংশ) বিদ্যুৎ বিল কমবে।
এছাড়া দাম বাড়ায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রায় ৬০ লাখ গ্রাহকের (মোট গ্রাহকের ৩৮ শতাংশ) মাসিক বিলও বৃদ্ধি পাবে না বলেও বিইআরসির পক্ষ থেকে দাবি করা হয়।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...