Don't Miss
Home / আজকের সংবাদ / বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিসিবি পরিচালক শাকরুলের পদত্যাগ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিসিবি পরিচালক শাকরুলের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একদিন পরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত মীর শাকরুল আলম।

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বিসিবির একটি পরিচালক পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম। ফলে আনুষ্ঠানিকভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে নির্বাচিত হওয়ার পরদিনই তিনি বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে শাকরুল উল্লেখ করেছেন, ব্যবসায়িক ব্যস্ততার কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হবে না।

তিনি লিখেছেন, ‘‘বর্তমানে আমার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক সব ব্যবসার দায়িত্ব আমার ওপর ন্যস্ত হয়েছে। এ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে যথাযথ ভূমিকা রাখা সম্ভব হবে না। তাই ব্যবসায়িক ব্যস্ততার কারণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।’’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ছেলে মীর শাকরুল আলম। নিজের পদত্যাগের বিষয়ে তিনি জানান, নিয়ম মেনেই বিসিবির পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

শাকরুল বলেন, তাঁর বাবা সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করায় পারিবারিক ব্যবসাসহ অন্যান্য দায়িত্ব বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে বিসিবির পরিচালকের দায়িত্ব সঠিকভাবে পালন করা কঠিন হয়ে পড়ছিল। তাই ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসার বিষয় বিবেচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ক্লাব থেকে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি হিসেবে একজন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকসহ মোট ২৫ পরিচালকের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

x

Check Also

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি সন্দেহে মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়ার অভিযোগ, প্রতিবাদ কর্মসূচি এপিডিআরের

এমএনএ প্রতিবেদক ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার ...