Don't Miss
Home / হোম স্লাইডার / বিসিবির সঙ্গে রবির চুক্তি বাতিল করার নেপথ্যে!

বিসিবির সঙ্গে রবির চুক্তি বাতিল করার নেপথ্যে!

এমএনএ স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের প্রস্তুতি শুরুর ঠিক আগের দিন রবিবার হুট করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে স্পনসরশিপ বাতিল করেছে শীর্ষ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। বিসিবির ২০১৯ সালের জুন পর্যন্ত এই চুক্তির মেয়াদ ছিল। চুক্তি বাতিলের কারণ হিসেবে রবির পক্ষ থেকে ‘চুক্তির প্রাসঙ্গিকতা হারানোর’ কারণ দেখানো হয়েছে। কিন্তু আসলেই কেন এই চুক্তি বাতিল করল জাতীয় ক্রিকেট দলের স্পনসর?

একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটারের অন্য একাধিক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত চুক্তির কারণেই রবি এই স্পনসরশিপ বাতিল করেছে। যদিও সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজারা নিজেদের ব্যক্তিগত সেসব চুক্তি থেকে এরই মধ্যে সরে এসেছেন অথবা সরে আসার প্রক্রিয়ায় ছিলেন।

রবির এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের কিছু খেলোয়াড়ের ব্যক্তিগত স্পন্সরশিপ নিয়ে তাদের উদ্বেগ ছিল। যেটা নিয়ে আমরা কাজও করছিলাম। সব কিছুই প্রক্রিয়াধীন ছিল। কিন্তু বিষয়টি তো এ রকম নয় যে সুইচ অফ বললেই সুইচ অফ হয়ে গেল। রবি অবশ্য ভেবেছে সেভাবেই। খেলোয়াড়দের ব্যক্তিগত স্পন্সর মোবাইল ফোন কম্পানিগুলো এর পেছনে অনেক অর্থ বিনিয়োগ করেছে। সারা বাংলাদেশে তারা প্রচার করেছে। এক দিনেই সরে আসা মুশকিল। এরপরও আমাদের খেলোয়াড়রা ব্যক্তিগত চুক্তি বাতিলের নোটিশ দিয়েছিল। সেটা রবিকে জানানোও হয়েছিল। কিন্তু এরপরও এটা অত্যন্ত দুঃখজনক যে তারা বিষয়টিকে সম্মান না জানিয়ে সরে দাঁড়াল।’

এর আগে গতকাল রবিবার রবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান পৃষ্ঠপোষকতা বিষয়ক চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় দেশের ক্রিকেটের গৌরবোজ্জ্বল এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে পৃষ্ঠপোষকতার দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে আমরা কৃতার্থ থাকব।’

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...