আফতাব আহমেদ ও গুলকেতিন খান
বিয়ে করলেন গুলতেকিন খান
Posted by: News Desk
November 14, 2019
এমএনএ রিপোর্ট : প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান সম্প্রতি দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হয়েছেন। পাত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমেদ। তিনিও কবি। গুলতেকিন ও আফতাবের ঘনিষ্ট ও পারিবারিক সূত্র সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছে।
গুলতেকিন খানের বনানীর বাসায় চলতি বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
আফতাব আহমেদেরও এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। আফতাবের একমাত্র ছেলে লন্ডনে পড়াশোনা করছেন।
হুমায়ূন আহমেদ এবং গুলতেকিন খানের বিয়ে হয় ১৯৭৩ সালে। তিনি প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর নাতনি। হুমায়ূন এবং গুলতেকিন দম্পতির চার ছেলেমেয়ে। তিন মেয়ে নোভা, শীলা ও বিপাশা এবং ছেলে নুহাশ।
দীর্ঘ ৩২ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে ২০০৫ সালে ডিভোর্সের মাধ্যমে তারা বিচ্ছিন্ন হয়ে যান।
গুলতেকিন খানের বয়স এখন ৫৬ বছর। এখন তিনি নিয়মিত কবিতা লেখায় মনোযোগী। ইতিমধ্যে তার ৩টি বইও প্রকাশ হয়েছে।
আফতাব আহমদের সঙ্গে গুলতেকিনের দীর্ঘদিনের বন্ধুত্ব। গেল ২ আগস্ট আফতাব আহমদের জন্মদিনে গুলতেকিন নিজের ফেসবুক ওয়ালে একটি কবিতা পোস্ট করেন—
তোমার জন্যে মাত্রা বৃত্তে
গুলতেকিন খান
(আফতাব আহমেদ, জন্মদিনে, তোমাকে…)
তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে যখন ভাবি
ছিপের তিন মাল্লা মিলে হারিয়ে ফেলে নাকের ছবি
যখন ভাবি তোমায় নিয়ে উঠবো গিয়ে নতুন তীরে
শ্যাওলা জলে নোলক খুঁজে পানকৌড়ি যায় না ফিরে।
এমন একটা ছন্দ পেতাম তোমায় নিয়ে মুখ ঢাকা যায়
বৈঠা হেনে ছিপটি টেনে হয়ে গেছি আজ অসহায়
ঝড়ে ডোবার জাহাজ তুমি নও যে সেটা সবাই জানে
তোমার কিছু যায় আসে না মানে কিংবা অসম্মানে।
তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে ভাবতে থাকি
নাগর দোলায় একটু সময়, আর কিছুটা থাকুক বাকি।
বিয়ে করলেন গুলতেকিন খান 2019-11-14