Don't Miss
Home / জাতীয় / বুস্টার ডোজ শুরুর নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুস্টার ডোজ শুরুর নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

এমএনএ জাতীয় ডেস্কঃ দেশে দ্রুত বুস্টার ডোজ দেওয়া শুরু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

কীভাবে, কবে ও কাদের কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করতে হবে, তা নিয়ে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা বিশেষ কোন নির্দেশনা দিয়েছেন কি না- সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজকে বিশেষ করে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই কেয়ারফুল (সতর্ক) থাকতে বলা হয়েছে। আপনারা জানেন এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে।’

তিনি বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে দু’জন শনাক্ত হয়েছেন, দু’জনই হচ্ছেন ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ডের একটা সুবিধা আছে তাদের সঙ্গে সোনারগাঁও হোটেলের একটা এগ্রিমেন্ট আছে। সোনারগাঁওয়ের একটা ফ্লোরের একটা উইং পুরোপুরি বায়ো বাবল হিসেবে রেখে দিয়েছে। সে জন্য যেসব খেলোয়াড়রা বাইরে থেকে আসে তারা বিমানবন্দর থেকে সরাসরি বায়ো বাবলে ঢুকে যায়, সেখানে টেস্ট হয়। লাকিলি সবার মধ্যে দু’জনের ধরা পড়েছে, তারা ফ্যামিলি বা কারো সংস্পর্শে আসার কোন সুযোগ পায়নি। বিমানবন্দর থেকে বায়ো বাবলের মধ্যে চলে গেছে। এটা একটা সুবিধা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে (ওমিক্রন সংক্রমণ) বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজের জন্য একটা সুপারিশ করছে, সেটা আমাদের দেশের জন্যও ওনারা চিন্তা-ভাবনা করছেন, কীভাবে বুস্টার ডোজটা দেয়া যায়।’

তিনি বলেন, ‘আমি যেহেতু আমেরিকা থেকে এসেছি, ফ্রান্সেও আমাকে বুস্টার ডোজের কথা বলেছে। আমি বলেছি, এটা আমি দেশে গিয়ে দেখব। এ বিষয়েও কারিগরি কমিটি ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেয়া হয়েছে। যাতে রেডি থাকে, বুস্টার ডোজ ফ্রি নাকি ফি দিয়ে দেয়া হবে- এ জিনিসগুলো ওনারা আলোচনা করে একটা নীতিমালা ঠিক করবেন।’

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...