ভারতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে নিহত ১২
Posted by: News Desk
May 15, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের বেনারসে একটি নির্মাণাধীন ফ্লাইওভার ধসে অন্তত ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আরও অর্ধশতাধিক মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে।
যে কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফ্লাইওভারের দুইটি পিলার একসঙ্গে ভেঙ্গে পড়লে বিশাল আকারের কংক্রিট স্ল্যাব মাটিতে আছড়ে পড়ে এবং সেটির নিচে থাকা যানবাহন ও মানুষজন চাপা পড়ে।
প্রত্যক্ষদর্শীদের একজন ধ্বংসস্তুপের নিচে চারটি গাড়ি, একটি অটোরিকশা ও একটি মিনিবাস চাপা পড়েছে বলে জানান।
ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় প্রশাসনকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
উদ্ধার কাজে অংশ নিতে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সে (এনডিআরএফ) পাঁচটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
স্থানীয় পুলিশের একটি দলও উদ্ধার কাজ শুরু করেছে।
আটটি ক্রেইনের সাহায্যে ধসে পড়া কংক্রিট স্ল্যাব সরানোর কাজ চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে টুইটারে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে খবরে বলা হয়েছে, উদ্ধার হওয়া কিছু মরদেহ এমনভাবে থেঁতলে গেছে বা পুড়ে গেছে, এমনকি পরিবারের সদস্যরাও স্বজনদের মরদেহ চিনতে পারছেন না। সরকারি কর্মকর্তারা এখনও পর্যন্ত মোট ৮ জনকে শনাক্ত করতে সমর্থ হয়েছেন। রাতভর চলা উদ্ধারকাজে ৮টি ক্রেন অংশ নেয়। ঘটনাস্থলে ধ্বংসস্তুপের নিচে চারটি গাড়ি, একটি অটোরিকশা ও একটি মিনিবাস চাপা পড়ে রয়েছে, তার ভেতরে ঠিক কতোজন আটকে আছেন বা মারা গেছেন সেটি এখনও বলা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় নির্মাণাধীন এক ফ্লাইওভার ধসে পড়ার ঘটনায় ৩৫ জন নিহত হয় এবং গুরুতর আহত হন ৭৮ জন।
ধসে নিহত ১২ ফ্লাইওভার নির্মাণাধীন ভারতে 2018-05-15