Don't Miss
Home / আজকের সংবাদ / ভারতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ২৩

ভারতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ২৩

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৩ জন নিহত এবং ৪০০ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানী নয়া দিল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মুজাফ্ফরনগরের খাওতালিতে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি বলছে, ওড়িষ্যার পুরি থেকে ছেড়ে আসা উৎকল এক্সপ্রেস ট্রেনটি উত্তরখান্ডের হরিদ্বার যাওয়ার পথে ১৪ টি বগি লাইনচ্যুত হয়। এছাড়াও ট্রেনের কয়েকটি বগি উল্টে অন্য বগির উপরে উঠে যাওয়ায় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এ হতাহত হওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিৎসাসহ সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।

রেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, ট্রেনের বগির নিচে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। উদ্ধারকাজ চলছে।

জিনিউজের খবরে বলা হয়, দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ বাবদ সাড়ে তিন লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা ও সামান্য আহতদের জন্য ২৫ হাজার টাকা করেও দেওয়া হবে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...