Don't Miss
Home / জাতীয় / ভাসানচরের পথে রোহিঙ্গাদের তৃতীয় দল
নোয়াখালীর

ভাসানচরের পথে রোহিঙ্গাদের তৃতীয় দল

এমএনএ জাতীয় ডেস্ক: কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোর রোহিঙ্গাদের তৃতীয় দল নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে তাদের বহনকারী ১৭টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

ওই কলেজের মাঠে আরো বেশ কিছু বাস অবস্থান করছে জানালেও চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া বাসগুলোয় কতজন রোহিঙ্গা রয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্টদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে এক কর্মকর্তা জানায়, অন্তত দেড় হাজার রোহিঙ্গা তৃতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী। বৃহস্পতিবার তাদেরই বাসে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। পরে সেখান থেকে তাদের ভাসানচরে স্থানান্তরের ব্যবস্থা নেয়া হবে।

রোহিঙ্গাদের বহনকারী বাসগুলোর সামনে ও পেছনে র‌্যাব, পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা দিতে দেখা গেছে।

প্রথম দফায় গত ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে এক হাজার ৬৪২ জন এবং দ্বিতীয় দফায় গত ২৮ ডিসেম্বর এক হাজার ৮০৫ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল।

স্থানীয়রা বলছেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের জন্য বুধবার রাতেই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে জড়ো করা হয় অন্তত ৫০টি বাস।

স্থানীয় এক দোকারদার বলেন, বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটে প্রথম দফায় রোহিঙ্গাদের বহনকারী ১৭টি বাস তিনি ছেড়ে যেতে দেখেছেন।

ঘুমধুম ট্রানজিট ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস পর্যন্ত এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইন-শৃংখলা বাহিনী। সেখানে সাধারণ মানুষের চলাচলেও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

এছাড়া অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে গেলো মে মাসে ভাসানচর নেয়া হয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...